অতি চাপেই কাবু আল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন
আল আমিন

‘প্র্যাকটিস ম্যাচে ৮ ওভার, তিন ওয়ানডেতে প্রায় ৩০ ওভার, প্রথম টেস্টে ২৫ ওভারের মতো, দ্বিতীয় টেস্টে এক ইনিংসেই ৩১ ওভার। পরের ইনিংসে তো চোটে বোলিংই করতে পারলাম না (৪ ওভার)। এক মাসের কম সময়ে ১০০ ওভার বোলিং। সঙ্গে ভ্রমণক্লান্তি তো ছিলই...।’ একাডেমি ভবনের অভ্যর্থনাকক্ষে বসে কথা বলছিলেন পত্রিকার পাতায় চোখ বোলানোর ফাঁকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের অতিরিক্ত বোলিংয়ের চাপের কথা বলতে বলতে যেন ফিরে গেলেন ওই সময়ে। শরীরের এক পাশে হাত বুলিয়ে বেদনায় খানিকটা কুঁকড়ে যাওয়া মুখে আল আমিন হোসেন বললেন, ‘সাইড স্ট্রেইন।’
পেস বোলারের সংকট বাংলাদেশ ক্রিকেটের চিরন্তন সমস্যা। একসঙ্গে দু-তিনজন পেসার ভালো করার নজির অতি বিরল। কোনো সিরিজে কেউ ভালো করতে থাকলে তাই তাঁকে অনেক বেশি ভার বইতে হয়। ঘরোয়া ক্রিকেটে লম্বা স্পেলে বোলিংয়ে অনভ্যস্ত শরীর তাতে বিদ্রোহ করে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আল আমিনেরও যেমন করেছে। চোটের কারণে ক্যারিবিয়ানে শেষ ইনিংসে বোলিং করতে পেরেছিলেন মাত্র ৪ ওভার। দেশে ফিরে ওই দিনই এমআরআই করিয়েছেন। মাঠের বাইরে ছিটকে গেছেন অন্তত চার সপ্তাহের জন্য। ঝামেলা একটা আগে থেকেই লেগেছিল। প্রশ্নবিদ্ধ হয়েছে বোলিং অ্যাকশন। অতি বোলিংয়ের ক্লান্তিতেই অ্যাকশনে সমস্যা হতে পারে, বলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজেই। সঙ্গে চোট মিলিয়ে আল আমিনের এখন জোড়া সংকট।
লাফবরো ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে ৩ অক্টোবর বোলিং অ্যাকশনের পরীক্ষা হওয়ার কথা ছিল। চোটের কারণে এখন সেই তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি। ১৮ অক্টোবর নাগাদ ফিট হয়ে যাওয়ার কথা। পরীক্ষাটা যেন তার পর নেওয়া হয়। এদিকে জিম্বাবুয়ে চলে আসবে ১৭ অক্টোবর, ২৫ অক্টোবর থেকে টেস্ট সিরিজ। অ্যাকশন পরীক্ষার ফল না আসা পর্যন্ত খেলে যেতে বাধা নেই। কিন্তু সময়মতো ফিট হবেন কি না, আবার পরীক্ষা কবে হবে, ফলই বা কী হবে, জিম্বাবুয়ে সিরিজ নিয়েও তাই খানিকটা শঙ্কা। সব মিলিয়ে আল আমিনের মনোজগৎ লন্ডভন্ড।
আল আমিন নিজে অবশ্য শক্ত থাকার চেষ্টা করছেন। নিজেই নিজেকে বোঝাচ্ছেন। নানা হিসাব-নিকাশ করে সাহস জোগাচ্ছেন নিজেকে, ‘কোচ, বোলিং কোচ খুব কাছ থেকে আমার বোলিং দেখেছেন। পরে ভিডিও দেখেছেন, ওই টেস্টে বোলিংয়ের ভিডিও দেখেছেন। দেখে বলেছেন সমস্যা নেই। এটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা কি না, সেটা সরাসরি জিজ্ঞেস করেছি, ঘুরিয়েও জিজ্ঞেস করেছি। শেনের সঙ্গেও কথা বলেছি (সাবেক কোচ শেন জার্গেনসেন)। সবাই বলেছেন, আসলেই সমস্যা নেই।’
নিজে থেকেই আবার বললেন, ‘সমস্যা হলেই বা কী! রাজ ভাই (আবদুর রাজ্জাক) তো নিষিদ্ধ হয়ে তিন মাসেই ফিরে এসেছেন। আমি পেসার, অ্যাকশনে সমস্যা থাকলে ফিরতে আরও কম সময় লাগবে।’ তবে বিষয়টা যে এতটা জলবৎ তরলং নয়, সেটা তিনিও জানেন। সে জন্যই ওই কথার রেশ থাকতে থাকতেই স্বগতোক্তি, ‘অবশ্য রাজ ভাইয়ের কাছ থেকে প্রায়ই শুনি সেই সময়ের কথা। অনেক ঝামেলা, খুব কষ্ট। সময়টা নাকি অসহ্য ছিল।’ ঝামেলা মানে সহজাত অ্যাকশন পাল্টানো। শারীরিক কষ্ট কিছুটা তো আছেই, তার চেয়ে অনেক বেশি মানসিক যন্ত্রণা। আল আমিন সেটা অনুমান করতে পারছেন।
আজ থেকে চোটের পুনর্বাসন শুরু, হালকা বোলিংও করবেন। এর মধ্যেই লাফবরোর ওই ল্যাবের খোঁজখবর নিয়েছেন, অনলাইনে দেখছেন সবকিছু। অন্য বোলারদের পরীক্ষার খবর পড়ছেন, ছবি-ভিডিও যা পাচ্ছেন দেখছেন। এসব বিষয় খুব ভালো বোঝেন এবং আইসিসি ও ল্যাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পরীক্ষার সময় বিসিবি থেকে এমন কাউকে চান সঙ্গী হিসেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন পড়ছেন, ৪ নভেম্বর থেকে অনার্স ফাইনালটাও মাথায় আছে। ‘খারাপ কিছু হলে পরীক্ষা দিতে পারব না। সেই মানসিক অবস্থা থাকবে না। খেলতে না পারলে কিছুই ঠিক থাকবে না, সব উল্টাপাল্টা হয়ে যাবে।’
নিজের সঙ্গে বোঝাপড়া, স্থির থাকার চেষ্টা তাই আসলে অভিনয়। এই সময়ে স্থির থাকা যায় না!