অতি-মানবী-য়
১২৩ বছরের পুরোনো সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার ক্রিকেট লিগ অনেক ঘটনারই সাক্ষী। তাতে নতুন এক অধ্যায় যোগ করলেন কেট ক্রস। ইনি ওই লিগের প্রথম নারী ক্রিকেটার। পরশু ২৩ বছর বয়সে অভিষেক হলো তাঁর।
ইংল্যান্ড মহিলা দলের হয়ে এরই মধ্যে দুই টেস্ট, নয় ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। লিগ-অভিষেকে সাত ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। নিজের যোগ্যতাতেই যে হেউডের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন, সেই দাবি তিনি করতেই পারেন প্রথম ম্যাচের পর।
পুরুষ দলে মহিলা ক্রিকেটার। ব্যাপারটা খুব নতুন না হলেও চমকপ্রদ তো বটেই। ক্রসের আশা আরও অনেক নারী ক্রিকেটার হাঁটবেন তাঁর পথে, ‘আমি কখনো ভাবিনি হেউডের হয়ে খেলতে পারব। প্রথম নারী হিসেবে লিগে খেলতে পেরে দারুণ গর্বিত আমি। আশা করছি আরও অনেককেই দেখতে পাব।’
তাঁর ভাই ববও খেলেন একই দলে। সেদিন ক্রসের অভিষেক ম্যাচে বোনের বলে একটা ক্যাচ ধরতে পারেননি ভাই, নইলে প্রথম ম্যাচে আরও উজ্জ্বল দেখাতে পারত ক্রসের পরিসংখ্যান!
ইংল্যান্ডে পুরুষ ক্রিকেট দলে নারীর অন্তর্ভুক্তি এটাই অবশ্য প্রথম নয়। আগেও বেশ কয়েকজন বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন অ্যারান ব্রিন্ডল। ইসিবি ল্যাঙ্কাশায়ার প্রিমিয়ার লিগে এক ইনিংসে ১২৮ রান করেছিলেন এই ব্যাটার! দেখা যাক, ক্রস কতটা এগিয়ে যেতে পারেন। এএফপি।