
গত বছর দুই টেস্টের সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া দল পাঠায়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। নিরাপত্তার কারণে কোনো বিদেশি দলের বাংলাদেশে না আসার বড় ঘটনা এ দুটিই।
অন্যদিকে নিরাপত্তার চ্যালেঞ্জ জয় করে সফলভাবে সিরিজ বা টুর্নামেন্ট আয়োজনের সাফল্যও আছে বিসিবির। সেই অতীত থেকেই অক্টোবরের ইংল্যান্ড সিরিজ নিয়ে আশার সন্ধান করছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তা ছাড়া সফরটি নিয়ে এখন পর্যন্ত ইসিবির মনোভাবে নেতিবাচক কিছু দেখেননি বলেও কাল জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘ইসিবির কাছ থেকে আমরা সফর নিয়ে নেতিবাচক কিছু পাইনি। নিরাপত্তা পর্যবেক্ষণের কথা তাঁরা বলেছেন সংবাদমাধ্যমে, বোর্ড থেকে আমরা সরাসরি সে রকম কিছুও শুনিনি। অক্টোবরের সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে নিয়মিতই যোগাযোগ হচ্ছে।’
তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা ৩০ সেপ্টেম্বর। সিরিজের আনুষ্ঠানিক সূচিও ঘোষণা হয়ে গেছে এর মধ্যে। খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে অনিশ্চয়তার ছায়া পড়েছে এই সিরিজে। গুলশান হামলার পর ইসিবি জানিয়েছে, সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী কয়েক মাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। সফরের আগে ইসিবির একটি নিরাপত্তা পর্যবেক্ষক দলেরও ঢাকায় আসার কথা।
নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য এটাকে ‘রুটিন সফর’ই মনে করেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো উপমহাদেশের কোনো দেশে এলে সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষক দল আসাটা নিয়মই হয়ে গেছে। তা ছাড়া সন্ত্রাসী হামলাটাকেও বৈশ্বিক সমস্যা মনে করছেন তিনি, ‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বড় বড় দেশে নিরাপত্তাব্যবস্থা অনেক কঠোর, সেখানেও এ রকম হচ্ছে।’ বরং এসবের মধ্যেও বড় বড় টুর্নামেন্ট আয়োজন করায় বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় অভিজ্ঞ মনে করেন বিসিবির প্রধান নির্বাহী, ‘অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা অনেক বড় বড় আসর আয়োজন করেছি। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দল এখানে খেলে গেছে।’
এ ব্যাপারে বরাবরের মতো এবারও সরকারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য দেশের সমর্থন পাবেন বলে তাঁর আশা। বিশ্বজুড়েই অস্থিরতার কারণে আইসিসিও নাকি মনে করছে, যেকোনো সিরিজ বা টুর্নামেন্টের জন্য ন্যূনতম নিরাপত্তাব্যবস্থার চাহিদাপত্র ঠিক করে দেওয়া দরকার। এটা নিয়ে আইসিসির বিভিন্ন পর্যায়ে কাজও শুরু হয়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী।
অনিশ্চয়তা কাটিয়ে সময়মতো সিরিজটি না হলে আবারও সংকটে পড়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডও যদি বাংলাদেশ সফর বাতিল করে, তা হলে দেশের মাটিতে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচ দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে সবাইকে। আগামী বছরের জুলাই মাসে দুই টেস্টের বকেয়া সিরিজটি খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা। কিন্তু এ বছরের অক্টোবরে ইংল্যান্ড না এলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে অস্ট্রেলিয়া সিরিজেও।
ইংল্যান্ড সিরিজটি না হলে আগামী এক-দেড় বছর বাংলাদেশ দলের খেলা দেখার জন্য তাই বিদেশের মাটির আন্তর্জাতিক ক্রিকেটই হবে ভরসা। এ বছরের ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবেন সাকিব-তামিমরা। ২০১৭-এর জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরেরও কথা আছে। এরপর ফেব্রুয়ারিতেই হওয়ার কথা এক টেস্টের ভারত সফর। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতেও আছে বাংলাদেশ। যেটির আগে আয়ারল্যান্ডে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ খেলবে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজও।
আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ড এই সিরিজের সূচি ঘোষণা করে দিয়েছে এরই মধ্যে। আগামী বছরের ১২ মে প্রথম ম্যাচটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ১৭ মে। আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ফিরতি ম্যাচ ১৯ মে। আর ২৪ মে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
বাস্তব কারণেই এ মুহূর্তে জাতীয় দলের জন্য নতুন কোনো সিরিজ আয়োজনের চেষ্টা করা যাচ্ছে না বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র। আইসিসির দ্বিস্তরবিশিষ্ট টেস্ট কাঠামোর আলোচনা কোন দিকে গড়ায়, সেটা নিশ্চিত না হয়ে ভবিষ্যৎ সফর বা সিরিজের ব্যাপারে আলোচনায় আগ্রহী নয় কোনো বোর্ড। তবে বিসিবি চেষ্টা করছে ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং এইচপি দলের জন্য কিছু সিরিজের ব্যবস্থা করতে। এডিনবরায় গত সপ্তাহে আইসিসির বোর্ড সভায় যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী।