অতৃপ্তি থাকল ব্যাটিংয়েই

তাসকিন আহমেদের লাফিয়ে ওঠা বলটা সাকিব আল হাসান যেভাবে খেললেন, তাতে তাঁর নিজেরও সন্তুষ্ট হওয়ার কথা নয়। আউট হয়ে ফিরে আসার সময় বেশ হতাশই দেখাল সাকিবকে। অবশ্য কাল শেখ আবু নাসের স্টেডিয়ামে বেশির ভাগ ব্যাটসম্যানই এমন হতাশা উপহার দিয়েছেন। কেউ থিতু হয়ে উইকেট দিয়ে এসেছেন, কেউ-বা থিতু হওয়ার আগেই ফিরেছেন।
প্রস্তুতি ম্যাচ। হারানোর কিছু নেই, নেই অতিরিক্ত চাপও। কাজ শুধু নিজেদের ঝালিয়ে নেওয়ার। বোলিং-ফিল্ডিং মন্দ হয়নি। অতৃপ্তি থেকে গেছে শুধু ব্যাটিংয়ে। টি-টোয়েন্টির দাবি মেনে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের নমুনা কমই দেখা মিলল। ফিফটি হলো মাত্র একটি। ৪০ ওপর রান করতে পেরেছেন মাত্র দুজন।
প্রাথমিক দলে থাকা ২৪ জন কাল ভাগ হয়ে গেলেন লাল-সবুজ দুই দলে। লাল দলের নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজা। সবুজের নেতৃত্বে সাকিব আল হাসান। ম্যাচও হলো দুটি। একটি সকালে। আরেকটি বিকেলে। প্রথমটিতে জিতলেন সাকিবরা, দ্বিতীয়টিতে মাশরাফির দল।
ম্যাচের সংখ্যা দুটি হলেও টস হলো একবারই। তাতে জিতে সকালের ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল মাশরাফির লাল দল। সবুজ দল নির্ধারিত ২০ ওভারে করল ৬ উইকেটে ১৫১। দেখার মতোই এক ইনিংস খেললেন মুশফিকুর রহিম। কদিন ধরেই নেটে উদ্ভাবনী সব শটের অনুশীলন করছিলেন। কাল বোঝা গেল, সেই অনুশীলন বৃথা যায়নি। প্রিয় শটগুলো তো ছিলই, বাউন্ডারি মারলেন রিভার্স সুইপেও। খেললেন ৩৬ বলে ৫৭ রানের দারুণ ইনিংস।
ওদিকে লাল দলের অধিনায়ক মাশরাফি বুঝি একটু পরখ করে দেখতে চাইলেন সাব্বির রহমানের বোলিং। তাতে সাব্বিরকে সফলই বলতে হয়, ৪ ওভারে ২০ রানে পেয়েছেন ২ উইকেট।
১৫২ রানের লক্ষ্য, লাল দলের ওপেনার তামিম ইকবাল এগোচ্ছিলেন বেশ স্বচ্ছন্দেই। আল আমিনের এক ওভারেই মারলেন চারটি বাউন্ডারি। কিন্তু রানআউট হয়ে গেলেন ২৮ রান করে। কিন্তু আর কেউ এটাও করতে না পারায় তামিমের রানটাই হয়ে থাকল তাঁর দলের সর্বোচ্চ! নির্ধারিত ২০ ওভারে মাশরাফিরা তুলতে পারল ৬ উইকেটে ১৩২।
বিকেলের ম্যাচ হলো উল্টো। আগে ব্যাটিং করল লাল দল। দারুণ শুরু করলেন দুই ওপেনার তামিম ও সৌম্য। দুজনের উদ্বোধনী জুটিতে এল ৩৫ বলে ৪২। আল আমিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সৌম্য ফিরলেন ২৮ রানে। ২ রানের জন্য ফিফটি হাতছাড়া হয়েছে তামিমের। নির্ধারিত ২০ ওভারে মাশরাফির দলের রান ৮ উইকেটে ১৪৫।
ফ্লাডলাইটের আলোয় এ রানটা তাড়া করতে পারল না সবুজ দল। সাকিবের ৩৩ ও মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৩৯ রান কেবল হারের ব্যবধানটাই কমাল। মন্থরগতিতে এগোতে থাকা সবুজ দল ২০ ওভারে করতে পারল ৯ উইকেটে ১২৩।
দুটো ম্যাচই মাঠে বসে দেখলেন হাবিবুল বাশার। দিন শেষে ফিল্ডিং-বোলিং দুটোতেই ভালো নম্বর দিলেও ব্যাটিংয়ে সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশ দলের এ নির্বাচক, ‘ফিল্ডিং-বোলিং ভালো হয়েছে। বিশেষ করে বোলিংয়ের কথা বলব। ১৫০-১৪৫ রান তোলা কঠিন করে ফেলেছে বোলাররা। তবে ব্যাটিং আরও ভালো হতে পারত। উইকেট তো ভালো ছিল। আরও রান উঠতে পারত। সামনে আমাদের বড় বড় টুর্নামেন্ট রয়েছে। সেখানে ১৭০-১৮০ তাড়া করতে হতে পারে। এমন ব্যাটিং করলে তো জেতা কঠিন হয়ে যাবে। ব্যাটিংয়ে আরও ভালো করতে হবে।’
জিম্বাবুয়ে সিরিজের আগে আর কোনো প্রস্তুতি ম্যাচ নেই বাংলাদেশ দলের। আজ বিকেল থেকে শুরু হবে নিয়মিত অনুশীলন।