অতৃপ্তি নিয়েই শেষ তামিমের

তামিম ইকবাল অনেক কিছুই বলতে পারতেন। কিন্তু কিছুই বললেন না। না বলার কারণটাও তাঁর মুখ থেকেই শোনা, ‘এই সময়ে কাউকে দোষ দিয়ে তো লাভ নেই। বরং টুর্নামেন্টে আমরা যেভাবে ফিরে এসেছি, তাতে আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’
অধিনায়ক হিসেবে এর চেয়ে ভালো উপসংহার টানতে পারতেন না তামিম। গতবার পয়েন্ট তালিকার প্রায় তলানিতে থাকা চিটাগং ভাইকিংসকে এবার বলতে গেলে একাই শীর্ষ চারে তুলেছেন। এলিমিনেটর ম্যাচ থেকে চিটাগংয়ের বিদায়, তাঁর জন্য কতটা হতাশার হতে পারে, তা না বললেও চলে। সেই তামিম টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার দিন পিঠ চাপড়ে দিলেন সতীর্থদের।
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের দুর্দান্ত ফর্মটা সর্বশেষ ইংল্যান্ড সিরিজেও দেখা গেছে। এক সেঞ্চুরি, এক ফিফটিসহ দুই টেস্টে করেছেন ২৩১ রান। এর আগে সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। বিপিএলে সেই ফর্মটাই টেনে এনে কাল পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক। ১৩ ম্যাচে ৪৭৬ রান করেছেন ছয়টি ফিফটিসহ।
শুধু রান আর ফিফটির সংখ্যা বললে বিপিএলে তামিমের আসল ছবিটা ফুটবে না। তাঁর ব্যাটিংয়ে পরিণত চিন্তার ছাপটাই ছিল সবচেয়ে উজ্জ্বল দিক। কিন্তু টুর্নামেন্টে এত ভালো সময় কাটিয়েও চিটাগং ভাইকিংস অধিনায়ক কি সেটা উপভোগ করতে পারছেন? ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও টুর্নামেন্ট থেকে দলের বিদায়ে যেন মলিন সে আনন্দ, ‘নিজের ব্যাটিং নিয়ে আমি খুশি। কিন্তু দিন শেষে যদি আমার রান দলকে জেতাতে না পারে, এটার কোনো মূল্য নেই। আরেকটু যদি ভালো খেলতাম, তাহলে হয়তো আরও ভালো হতো। আজ (গতকাল) আরেকটু ভালো খেললে হয়তো ১০টা রান বেশি হতো।’
শীর্ষ চারে ওঠা অন্য দলগুলোর সঙ্গে চিটাগং ভাইকিংসের একটাই পার্থক্য দেখেন তামিম—স্থানীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স, ‘স্থানীয় খেলোয়াড়েরা আরেকটু ভালো খেললে হয়তো আমরা আরও ভালো অবস্থানে থাকতাম।’
বিদেশিদের মধ্যে চিটাগংয়ের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন গেইল। আগের আসরগুলোতে তিনটি সেঞ্চুরি করলেও এবার এই ওয়েস্ট ইন্ডিয়ান এক ম্যাচে সর্বোচ্চ করেছেন ৪৪ রান। তামিম অবশ্য তবু মুগ্ধ ‘গেইল-জাদু’তে, ‘তার সঙ্গে ব্যাটিং করাটা পুরোই ভিন্ন এক অভিজ্ঞতা। যে বলগুলোতে পৃথিবীর যেকোনো ব্যাটসম্যান এক বা দুই রান নেয়, ও সেগুলোতেই ছয় মেরে দেয়। আমাদের হয়তো তার কাছ থেকে আরও বেশি আশা ছিল। সেটা পূরণ করতে না পারলেও ও মনপ্রাণ দিয়েই চেষ্টা করেছে।’
গেইল সম্পর্কে তামিমের ভাবনাটা তো জানা গেল। কিন্তু তামিম সম্পর্কে গেইল কী ধারণা নিয়ে যাচ্ছেন? গেইলের মুখ থেকে সেটা জানার সুযোগ না হলেও তামিমের পারফরম্যান্সের গ্রাফই বলে দিচ্ছে সব। চিটাগং ভাইকিংসের হয়ে পাঁচ ম্যাচে গেইল করেছেন ১০৯ রান। ফিফটি করেননি একটিও। আর তামিম শেষ পাঁচ ম্যাচে করেছেন ২৫৩। ফিফটি করেছেন চারটিতেই, দুটিতে ছিলেন অপরাজিত।
বিপিএলে তামিমের সামনে ম্লান বিশ্ব টি-টোয়েন্টির দানবও!