অতৃপ্তি নিয়েই বিদায় ওয়াটসনের

বিরাট কোহলি নামক ‘অন্যগ্রহে’র ব্যাটসম্যানটিকে একমাত্র তাঁর বোলিংয়েই মর্ত্যের মানুষ মনে হচ্ছিল। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট। ব্যাট হাতে ১৬ বলে ১৮ রান, সঙ্গে একটি ক্যাচও নিয়েছেন। কিন্তু এতেও হলো না, নিজের অবসরকে আরও দুই ম্যাচ পিছিয়ে দিতে পারলেন না শেন ওয়াটসন। পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটটা অতীত হয়ে গেল অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের কাছে।
শেন ওয়াটসনকে চিনতে হলে ফিরে যেতে হয় একটু পেছনে। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় ভঙ্গুর এক দল নিয়ে খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই দলটিই সেমিফাইনালে পৌঁছে গেল খুব সহজে। পুরো কৃতিত্বই ওয়াটসনের। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম চার ম্যাচেই সেরা ওয়াটসন! ওই চার ম্যাচে তিন ফিফটিতে ৮৮ গড়ে ২৩৪ রান, বোলিংয়ে ১০ উইকেট। শেষ দুই ম্যাচে হেরে সেবার বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। কারণ, ওই দুই দিন ওয়াটসনের ব্যাট-বল কথা বলেনি। একজন খেলোয়াড়ের প্রশংসায় এর চেয়ে বেশি কিছু বলা প্রায় অসম্ভব, অস্ট্রেলিয়ার মতো দল একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছে!
অস্ট্রেলিয়ার ক্রিকেট অসাধারণ সব ব্যাটসম্যান দেখেছে, বোলারও কম দেখেনি। কিন্তু একটি জায়গায় অস্ট্রেলিয়া সব সময়ই গরিব—সত্যিকারের অলরাউন্ডার। ক্রিকেটকে অস্ট্রেলিয়া কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়াকে এই একটি বিষয়ে বারবার বঞ্চিত করেছে। অন্য সব দলে যুগে যুগেই অলরাউন্ডাররা এসেছেন, খেলেছেন। কিন্তু অস্ট্রেলিয়া দলের সত্যিকারের একজন অলরাউন্ডারের জন্য হাপিত্যেশ ছিল। শেন ওয়াটসনের আবির্ভাব সেই হাহাকার ঘুচিয়ে দিয়েছিল। ২০০২ সালে অস্ট্রেলিয়াও পেল এমন একজন ক্রিকেটার যিনি শুধু ব্যাটিং বা বোলিং দিয়েই দলে জায়গা করে নিতে পারেন।
ভাগ্যচক্রে অস্ট্রেলিয়া দলে তখন ছিলেন আরেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। অবশ্য প্রতিদ্বন্দ্বিতায় সব সময় এগিয়ে ছিলেন ওয়াটসন। কিন্তু ক্রিকেটের দুর্ভাগ্য, চোট তাঁর প্রতিভাকে পূর্ণতা দিতে দেয়নি। যখনই মনে হয়েছে এই বুঝি দেখা মিলল আসল ওয়াটসনের, তখনই কোনো না কোনোভাবে চোটাক্রান্ত হয়ে মাঠ ছেড়েছেন। সে জন্যই ক্রিকেট পরিসংখ্যান কখনো বুঝতে দেবে না ওয়াটসনকে। চোটের সঙ্গে লড়াইয়ে ক্লান্ত হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে গত বছরই বিদায় দিয়েছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে জানালেন, সংক্ষিপ্ততম সংস্করণেও আর থাকছেন না। বিদায় আন্তর্জাতিক ক্রিকেট! ক্যারিয়ারের একমাত্র অতৃপ্তি যেটি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই হয়তো শেষ বলার ইচ্ছে ছিল। পরশু ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া সেমিফাইনালেই ওঠা হলো না। হতাশা নিয়েই বিদায় নিতে হলো তাঁকে।
ক্রিকেটে সত্যিকারের অলরাউন্ডারদের অবশিষ্টদের একজন ওয়াটসনের বিদায়ে বড় একটা শূন্যতাই সৃষ্টি হবে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। সে শূন্যতা ঢাকতে এখনই ভাবতে শুরু করে দিয়েছে তারা। কোচ ড্যারেন লেম্যানের আশা এখন মিচেল মার্শকে ঘিরে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে মিচ খুব দ্রুত উন্নতি করেছে। আমাদের আশা, সে ওয়াটসনের জায়গা নিতে পারবে।’
যাঁকে নিয়ে এত আশা সেই মার্শও ইতিমধ্যে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। যে চোটের কারণে ওয়াটসন পূর্ণতা দিতে পারেননি ক্যারিয়ারকে, সেটিকে এড়িয়ে থাকারই চিন্তা মার্শের, ‘এখন যত ক্রিকেট হয়, তাতে মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়া জরুরি। আমি সেটাই করব।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।
শেন ওয়াটসনের আন্তর্জাতিক ক্যারিয়ার
ম্যাচ রান সর্বোচ্চ গড় উইকেট সেরা গড়
টেস্ট ৫৯ ৩৭৩১ ১৭৬ ৩৫.১৯ ৭৫ ৬/৩৩ ৩৩.৬৮
ওয়ানডে ১৯০ ৫৭৫৭ ১৮৫* ৪০.৫৪ ১৬৮ ৪/৩৬ ৩১.৭৯
টি-টোয়েন্টি ৫৮ ১৪৬২ ১২৪* ২৯.২৪ ৪৮ ৪/১৫ ২৪.৭২