অতৃপ্তি সেই ব্যাটিংয়েই

নাসির হোসেনকে উড়িয়ে মেরেই নেভিল মাদজিভা যেন উড়তে চাইলেন। শূন্যে ভেসে তাঁর বুনো উল্লাস যেন বাংলাদেশের হৃদয়ে অচেনা যাতনার বিষই ঢেলে দিল! চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মাদজিভা প্রথম জিততে দেখলেন দলকে। আর সে জয়ে রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২৪ বছর বয়সী জিম্বাবুইয়ান পেসার আনন্দে ফেটে পড়বেন, সেটাই তো স্বাভাবিক!
কিন্তু বাংলাদেশের দর্শকদের কাছে এ দৃশ্য যে অনেক দিন ধরেই যে অচেনা। পরাজয়ের অভিজ্ঞতাও তো কোনো অতীতে ফেলে আসা। এ বছর একেকটা ওয়ানডে সিরিজ গেছে, বাংলাদেশ ফিরেছে বীরের বেশে। কিন্তু কাল ভিন্ন দৃশ্য দেখাল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ে অদ্ভুত এক নীরবতা মিরপুরে।
টি-টোয়েন্টি সিরিজটা যদিও ড্র, কিন্তু ধারাবাহিক জিততে থাকা বাংলাদেশের কাছে জিম্বাবুয়ের বিপক্ষে এটিও যেন মেনে নিতে কষ্ট হয়। অন্যদিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে এসেছেন বিজয়ের হাসি এসে। বহুদিন পর দেখা গেল ভিন্ন মাশরাফিকে। মুখটা একটু মলিন। অধিনায়ক পরাজয়ের দায় স্বীকার করে জানালেন, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ সিরিজে দলের সমন্বয় তৈরিতেই ছিল বেশি মনোযোগ, ‘কম্বিনেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যে অবস্থায় আছি, ভালো কম্বিনেশন তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে বড় মনোযোগ ছিল সেদিকেই। জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। কম্বিনেশনের কথা বললে বলব এখনো আরও অনেক কিছু চিন্তা করতে হবে। সবাইকে তৈরি করতে হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচগুলোয় জিতলেও বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে অতৃপ্তি ছিলই। অতৃপ্তির সীমানাটা বিস্তৃতি হলো কালও। টি-টোয়েন্টিতে ১৩৫ রান কতটা ‘নিরাপদ’, প্রশ্নটা চলে এসেছে অবধারিতভাবেই। উইকেটে রান করা সহজ ছিল না—এমন যুক্তি দেখালেও মাশরাফি মানছেন, সংগ্রহটা আরও বেশিই হতে পারত, ‘উইকেটে ব্যাটিং করা খুব একটা সহজ ছিল না। তার মানে এই নয়, এ উইকেটে ১৩৫ রান হবে। ১৫০ হতে পারত ভালো সংগ্রহ।’
উদ্বোধনী জুটিতে ৩৪ রানের দারুণ একটা শুরু এনে দেওয়ার পরও কেন ছন্দটা ধরে রাখা গেল না, উঠল সে প্রশ্নও। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ করা (৫১ বলে) এনামুল হক রীতিমতো কাঠগড়ায়। অধিনায়ক অবশ্য আগলেই রাখলেন সতীর্থকে, ‘বিজয় (এনামুল) অনেকক্ষণ উইকেট ছিল, তবে স্ট্রাইক রোটেট করতে পারেনি। ওর একার কথা বলে লাভ নেই। দলের পুরো ব্যাটিংটাই ভালো হয়নি। একটু আগে কোচ বললেন, ৩০-৪০টা বল যদি কেউ খেলে, তাঁর কাছ থেকে ১২৫ বা ১৩০ স্ট্রাইক রেট চায়। ও হয়তো এটা পারেনি। তবে ব্যক্তিগতভাবে না গিয়ে বলতে হবে, পুরো দলই খারাপ খেলেছে।’
জিম্বাবুয়েকে দেওয়া ১৩৬ রানের লক্ষ্যটাও কঠিন করে তুলেছিলেন বোলাররা। শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। কিন্তু নাসিরের ওভারটাই এলোমেলো করে দিল সব। গুরুত্বপূর্ণ সময়ে নাসির কেন? মাশরাফির জানালেন, হাতে বিকল্পও ছিল না, ‘ওই সময় আমাদের হাতে আর অপশন ছিল না। হয়তো বা রিয়াদ (মাহমুদউল্লাহ) ছিল। তবে সে এমন পরিস্থিতিতে বোলিং করতে অভ্যস্ত নয়। নাসিরের জন্যও নতুন অভিজ্ঞতা। চেয়েছিলাম যা-ই করুক নিজের মতো করে করুক।’
ফেব্রুয়ারিতে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু—সারাটা বছর বাংলাদেশ হেসেছে জয়ের আনন্দে। শেষটা রঙিন না হওয়ার খানিকটা আফসোস থেকে গেল। পুরো বছরকে বড় করে দেখাতে চাইলেও শেষটা ভালো না হওয়ার আক্ষেপ ঝরল মাশরাফির কণ্ঠেও, ‘বছরটা অনেক বড় ছিল। চেষ্টা করেছি ভালোভাবে শেষ করার, দুর্ভাগ্যবশত হয়নি। সব মিলিয়ে গর্ববোধ করি, ২০১৫ সালের সাফল্য নিয়ে। আশা করি, ২০১৬ আরও ভালো ক্রিকেট খেলব।’
একটি পরাজয়ে পুরো সাফল্য মিথ্যে হয়ে যায় না। জিম্বাবুয়ের বিপক্ষে এ পরাজয়েও বাংলাদেশের রঙিন বছরটা বিবর্ণ হবে না। পরাজয় ভুলে মাশরাফিরা নিশ্চয়ই সামনে জয়ের রেখাটা আরও দূরে টেনে নিতে চাইবেন।