অথচ কামরুল বন কর্মকর্তা হতে চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নের দুয়ারে কামরুল। ছবি: প্রথম আলো
স্বপ্নের দুয়ারে কামরুল। ছবি: প্রথম আলো

তিনি হতে চেয়েছিলেন বন কর্মকর্তা। সবুজ তাঁকে খুব টানে। সেই কামরুল ইসলামকে ডাকছে অন্য এক সবুজ, মাঝখানে যার লাল বৃত্ত। প্রায় অচেনা এক বৃত্ত থেকে হুট করে আলোতে। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ওয়ানডে সিরিজেই লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে এই ডান হাতি পেসারকে।
প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন আগেই। আজ ঘোষিত ১৪ জনের দলেও জায়গা পেল তাঁর নাম। ১৮ থেকে ১৪, সেখান থেকে ১১ জনের তালিকাতেও আসতে পারবেন কিনা, সেটি শিগগিরই জানা যাবে। তবে কামরুল এরই মধ্যে দারুণ রোমাঞ্চিত।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরেও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বেশ ভালো বোলিং করেছেন। ২৩ বছর বয়সী এই বোলারের মধ্যে সম্ভাবনার ঝিলিক দেখছেন নির্বাচকেরা। পেশাদার ক্রিকেট জীবন অবশ্য শুরু হয়ে গেছে আগেই। অথচ বরিশালের এই তরুণ এক সময় হতে চেয়েছিলেন বন কর্মকর্তা!
বন কর্মকর্তা হওয়ার ইচ্ছে কেন জেগেছিল মনে? স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে কামরুলের কণ্ঠে চাপা উচ্ছ্বাস। বললেন, ‘বন-জঙ্গল ঘুরতে আমার খুব ভালো লাগে। বিএম কলেজে এক বছর পড়েছিলাম উদ্ভিদবিদ্যা বিভাগে। কিন্তু বিজ্ঞানে পড়াশোনা তো সব সময়ই চাপের। প্রচুর ব্যবহারিক ক্লাস-পরীক্ষা থাকে। বাইরে শিক্ষাসফরে যেতে হয়। নিয়মিত পড়াশোনা করতে হয়। খেলার জন্য বিজ্ঞান নিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি। পরে এআইইউবিতে ইংরেজিতে ভর্তি হয়েছি।’

রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলামের মতো কামরুলও পেসার হান্টের আবিষ্কার। ২০০৭ পেসার হান্ট কর্মসূচিতে বরিশাল অঞ্চলে প্রথম হয়েছিলেন। এ কর্মসূচির অন্যতম কারিগর সরওয়ার ইমরান তখন পেসার হান্ট থেকে পাওয়া কয়েকজনকে বোলারকে নিয়ে এসেছিলেন জাতীয় দলের অনুশীলনে। কামরুলও ছিলেন সে দলে। এর পর সুযোগ মিলল প্রিমিয়ার ডিভিশনের দল ওল্ড ডিওএইচএসে।
সেখানে ভালো করে অনূর্ধ্ব-১৯ দলে। খেললেন ২০১০ যুব বিশ্বকাপ। ৪ ম্যাচে নিলেন ৬ উইকেট। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল, জাতীয় লিগ, বিসিএল, ঢাকা লিগ—নানা ধাপ পেরিয়ে জীবনের বাঁক বদল আসলে গত সেপ্টেম্বরে। ভারত সফরে তাসকিন আহমদের চোটের কারণে আকস্মিকভাবে ডাক পেলেন ‘এ’ দলে। এরপর গেলেন দক্ষিণ আফ্রিকা সফরে। নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়লেন নির্বাচকদের। এ সফরে তিনটি একদিনের ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। একটি তিন দিনের ম্যাচে ৩ উইকেট।
কামরুলের এখন লক্ষ্য সুযোগ পেলেই নিজেকে মেলে ধরা, ‘যদি সুযোগ পাই চেষ্টা থাকবে ভালো করার।’ আপাতত ওয়ানডে সিরিজে নজর থাকলেও কামরুল খেলতে চান ক্রিকেটের সবচেয়ে বড় সংস্করণে, ‘একজন ক্রিকেটারের পূর্ণতা আসে টেস্ট খেলার পর। আমারও স্বপ্ন টেস্ট খেলা। আসলে সব সংস্করণেই দীর্ঘ দিন বাংলাদেশের হয়ে খেলতে চাই।’