অথচ খেলারই কথা ছিল না বলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নের মতো অভিষেক জ্যাক বলের। ছবি: প্রথম আলো।
স্বপ্নের মতো অভিষেক জ্যাক বলের। ছবি: প্রথম আলো।

শুক্রবার রাতটা হয়তো কোনো দিন ভুলবেন না জ্যাক বল। আগের দিন সন্ধ্যাতেই জানতে পারেন—ওয়ানডে অভিষেক হতে চলেছে। লিয়াম প্ল্যাংকেটের চোট একাদশে জায়গা করে দেয়। স্টিভেন ফিনও দলে আসতে পারতেন। কিন্তু ইংলিশ ম্যানেজমেন্ট ভরসা রাখে বলের ওপরই। পরের গল্পটা যেন ‘এলাম, দেখলাম আর জয় করলাম!’ প্রথম ইংলিশ বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট নিয়েছেন বলেই নয়, বলের ওই এক ওভারেই তো ম্যাচটা একেবারে বদলে গেল।

সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেনের উইকেট দুটি নিয়ে দলকে সুযোগ করে দিলেন ম্যাচে ফেরার। এর আগেই পেয়েছিলেন তামিম ইকবাল ও সাব্বির রহমানের উইকেটও। তবে সাকিব আর মোসাদ্দেকের উইকেট দুটিই তো ম্যাচ থেকে ছিটকে দিল বাংলাদেশকে।
ইংল্যান্ডের হয়ে বল হাতে ওয়ানডেতে সেরা অভিষেক জ্যাক বলের। ৫১ রানে নিয়েছেন ৫ উইকেট। বলের আগে কোনো ইংলিশ বোলারই ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নিতে পারেননি। গতকাল মোসাদ্দেক হোসেনের উইকেট পেয়েই নিজেকে নিয়ে যান ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সেরা অভিষিক্তদের তালিকায়। তাসকিনকে উইকেটের পেছনে বাটলারের ক্যাচ বানিয়ে ছাড়িয়ে যান সবাইকে।
অভিষেকে এর আগে ইংল্যান্ডের পক্ষে সেরা বোলিংয়ের কীর্তিটি ছিল অ্যাডাম হোলিওকের। ২০ বছর আগে, ১৯৯৬ সালে। বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
মজার ব্যাপার হচ্ছে, অ্যাডাম হোলিওক ছাড়া ইংল্যান্ডের হয়ে অভিষেকে ৪ উইকেট নেওয়ার কীর্তিই সব মিলিয়ে পাঁচটি। ২০০৫ সালে ক্রিস ট্রেমলেট বাংলাদেশের বিপক্ষেই নটিংহামে ৩২ রানে ৪ উইকেট নিয়ে ‘সেরা অভিষেকে’র কাছাকাছি পৌঁছেছিলেন। তিনি ছাড়িয়ে গিয়েছিলেন ১৯৮০ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রাহাম স্টিভেনসনের (৪/৩৩) কীর্তিকে। এ ছাড়া পিটার মার্টিন ১৯৯৫ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন, ম্যাথু ফ্লেমিং ভারতের বিপক্ষে ১৯৯৭ সালে শারজায় নিয়েছিলেন ৪৫ রানে ৪ উইকেট। অ্যাডাম হোলিওক ১৯৯৬ সালে ভেঙেছিলেন ডেভিড লরেন্সের রেকর্ড। ১৯৯১ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৭ রানে ৪ উইকেট নিয়ে সেরা অভিষেকের রেকর্ড গড়েছিলেন লরেন্স।
ওয়ানডে ইতিহাসে অভিষেক ৫ উইকেট নেওয়ার কীর্তি খুব বেশি বোলারের নেই। এঁদের মধ্যে দুজন পেয়েছেন ৬ উইকেট—কাগিসো রাবাদা ও ফিদেল এডওয়ার্ডস। বাকি ১১ জন নিয়েছেন ৫ উইকেট।