অথচ নিজেই জানতেন না রাজ্জাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

অনেক দিন ধরেই রেকর্ড বইয়ের একটি পাতায় জ্বলজ্বল করছে আবদুর রাজ্জাকের নাম। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২০৭ উইকেটের রেকর্ডটি তাঁর।
২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মোহাম্মদ রফিকের ১২৩ উইকেট টপকে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। পাঁচ বছর ধরে সেটি তাঁর মুঠোতেই। তবে খুব বেশি দিন বোধ হয় রেকর্ডটি তাঁর মুঠোয় থাকছে না। ২০৬ উইকেট নিয়ে নিশ্বাস-দূরত্বে দাঁড়িয়ে সাকিব আল হাসান।
ওয়ানডে রেকর্ড হাতছাড়া হওয়ার উপক্রম হলেও ঘরোয়া একটি রেকর্ড নিজের করে নিলেন রাজ্জাক। এনামুল হক জুনিয়রকে টপকে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ উইকেট এখন তাঁরই। বিসিএলে কাল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হয়ে এই কীর্তি গড়লেন বাংলাদেশ দলের বাইরে থাকা এই স্পিনার।

বিসিএলে আগের ম্যাচেই কাছাকাছি চলে গিয়েছিলেন রেকর্ডটির। ১০৮ ম্যাচে ৪১৮ উইকেট নেওয়া এনামুলকে টপকে যেতে রাজ্জাকের দরকার ছিল ২ উইকেট। কাল শুভাগত হোমকে এলবিডব্লু করে প্রথমে সেটি ছুঁলেন, পরে সেঞ্চুরি করা রকিবুল হাসানকে আউট করে উঠলেন চূড়ায়। ৯৩ ম্যাচে রাজ্জাকের উইকেট হলো ৪১৯। মজার ব্যাপার, অসাধারণ এই রেকর্ডের কথা জানতেনই না তিনি! কাল মুঠোফোনে খবরটা শুনে রাজ্জাক তো মহা বিস্মিত, ‘তাই নাকি! জানতাম না তো। এটা বিশাল ব্যাপার। জানানোর জন্য ধন্যবাদ।’

যাঁকে টপকে শীর্ষে উঠলেন, সেই এনামুলও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। ফলে রাজ্জাক-এনামুলের রেকর্ড ভাঙাভাঙির দৌড়টা চলতে পারে আরও কিছুদিন। শেষমেশ রেকর্ডটি কার হাতে থাকবে সময় বলে দেবে। তবে দারুণ অর্জনটি রাজ্জাকের মুখে হাসিই ফোটাচ্ছে, ‘অবশ্যই এমন খবরে আনন্দ লাগে। সময় কিংবা স্থান কোনো ব্যাপার নয়। যখন-যেখানেই খেলি না কেন, চেষ্টা করি পারফর্ম করতে। পারফরম্যান্স ভালো হলে স্বাভাবিকভাবেই ভালো লাগে।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করছেন রাজ্জাক। গত চার মৌসুমেই প্রথম শ্রেণির ক্রিকেটে পেয়েছেন ৫০-এর বেশি উইকেট। তবে অনেক দিন ধরেই বাংলাদেশ দলে তিনি ব্রাত্য। ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বশেষ খেলেছেন বাংলাদেশের হয়ে। আবার কবে সুযোগ মিলবে কিংবা আদৌ মিলবে কি না, সেটি জানেন না। তবু আশা হারাচ্ছেন না রাজ্জাক, ‘আমার কাজ পারফরম্যান্স করা, সেটিতেই মনোযোগ। বাকি কাজ নির্বাচকদের।’

প্রথম শ্রেণির ক্রিকেট  বাংলাদেশের শীর্ষ পাঁচ বোলার

                       ম্যাচ  উইকেট   সেরা     গড়     ৫/১০

আবদুর রাজ্জাক      ৯৩*    ৪১৯    ৯/৮৪   ২৮.০৯   ২৪/৮

এনামুল হক জু.     ১০৮   ৪১৮    ৭/৪৭   ২৯.৮৯   ৩০/৫

মোহাম্মদ শরীফ     ১১৩*   ৩৪৯    ৬/২৪   ২৭.৭৫   ১৫/৩

মোশাররফ হোসেন  ৮৫*   ৩৩৬   ৯/১০৫   ২৫.৯৫   ১৯/৩

ইলিয়াস সানি        ৯৩    ৩৩১    ৭/৭৩   ২৭.৯৭   ১৭/২

* ম্যাচ চলছে