অথচ নেই সেই সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব
সাকিব

২০০৯-এর জুলাই। সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম ইনিংসেই ঘটল দুর্ঘটনাটা। নিজের সপ্তম ওভারের তৃতীয় বলটা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়লেন উইকেটের ওপর। বাকিটা মাশরাফি বিন মুর্তজার বেদনার গল্প। আর সাকিবের জন্য সাফল্যের।
সেদিনের ওই চোট দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে নিয়ে গিয়েছিল মাশরাফিকে। আর ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিল সাকিবের কাঁধে। সাকিব সেই দায়িত্ব এতটাই ভালোভাবে পালন করলেন যে টেস্ট এবং ওয়ানডে দুই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ছাড়ল বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্ট টেস্টের দুই ইনিংসে নিলেন ৫ উইকেট, গ্রেনাডায় দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৮টি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিও হয়ে যেত হয়তো, কিন্তু তার আগেই ম্যাচ জিতে যাওয়ায় সাকিব অপরাজিত থাকলেন ৯৬ রানে। প্রথম দুই ওয়ানডেতে ফিফটি—বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ওই সফরে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। যার পুরস্কার হিসেবে পরবর্তী সময়ে অধিনায়কের দায়িত্ব পেয়ে যান পাকাপাকিভাবে।
অথচ সেই ওয়েস্ট ইন্ডিজে যখন আজ রাতে আবারও যাচ্ছে বাংলাদেশ দল, সঙ্গী হচ্ছেন না সাকিব! শৃঙ্খলাভঙ্গের কারণে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য বহিষ্কৃত হয়ে এই সিরিজে তিনি কেবলই টেলিভিশনের সামনে বসে থাকা একজন দর্শক। কাল ওয়েস্ট ইন্ডিজগামী দলের খেলোয়াড়েরা যখন সফরের প্রস্তুতিতে ব্যস্ত, সাকিব একাকী অনুশীলন করলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, বিসিবিতে আড্ডা দিলেন, তারপর চলে গেলেন বাসায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পেরে খারাপ লাগছে কি না, এমন প্রশ্নের জবাবে কেবলই মুচকি হাসলেন। বললেন না কিছুই।
সাকিব কিছু না বললেও বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ ঢাকা ছাড়ার আগে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজে সাকিবকে তিনি মিস করবেন। সন্দেহ নেই, মাঠে ‘একের ভেতর দুই’ ক্রিকেটার সাকিবের অভাব বোধ করবেন অধিনায়ক মুশফিকুর রহিমও।
আর ওয়েস্ট ইন্ডিজ দল? তাদের জন্য বোধ হয় সবচেয়ে বড় খবর এটাই—বাংলাদেশ দলে সাকিব নেই!