অথচ রামদিন ভেবেছিলেন...
তামিম ইকবালের আউটে তৃতীয় উইকেট পড়ল ১৫৮ রানে। এরপর আর মাত্র ৩৪ রান যোগ করেই অলআউট বাংলাদেশ! পরশু ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিনও বললেন, তামিমের আউটটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে তাঁদের দিকে।
এর আগে পুরস্কার বিতরণী মঞ্চ আলো করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররাই। ম্যান অব দ্য ম্যাচ শিবনারায়ণ চন্দরপল, ম্যান অব দ্য সিরিজ ক্রেইগ ব্রাফেট। সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডপ্রধান জুলিয়ান হান্টের কাছ থেকে টেস্ট সিরিজের ট্রফি নিলেন রামদিন। বৃষ্টির কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা বোশেজো স্টেডিয়ামের দুই ড্রেসিংরুমের মাঝের লবিতে হলেও আলোর রোশনাই কম ছিল না। তবে সবই ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে। ম্যানেজার হাবিবুল বাশার আর অধিনায়ক মুশফিকুর রহিমসহ বাংলাদেশ দলের যে দু-একজন ক্রিকেটার আশপাশে ছিলেন, সবার চেহারাই আঁধারে মলিন।
তামিমকে আউট করতে কীভাবে ফাঁদ পেতেছিলেন, ট্রফি নেওয়ার পর রামদিন সেটা খুলে বললেন সাংবাদিকদের, ‘আমরা চাচ্ছিলাম ওদের রানরেটটা কমিয়ে রাখতে ও সুযোগ তৈরি করতে। কিন্তু সুযোগগুলো আমরা নিতে পারছিলাম না। পরে বোলিং প্রান্ত বদলে চেষ্টা করলাম, যেন ওরা সুলিমান বেনকে বাতাসের বিপরীতে মারে। তামিম সেটাই করতে গেল।’
দুই টেস্টেই বাংলাদেশের ব্যাটিং-ব্যর্থতার একটা কারণ খুঁজে পেয়েছেন রামদিন, ‘ওরা বেরিয়ে যাওয়া বলগুলোর ওপর চড়াও হচ্ছিল। এই ম্যাচে তাই স্লিপে প্রচুর ক্যাচ হয়েছে। আবার একটা পর্যায়ে তারা ভেবেছে বল বাইরে চলে যাচ্ছে, আসলে ঢুকেছে ভেতরে। বিশেষ করে অধিনায়ক মুশফিকের বেলায় এই ব্যাপারটাই ঘটেছে।’
তামিম-মুমিনুলের জুটির সময় রামদিন ভেবেছিলেন, ম্যাচটা নির্ঘাত পঞ্চম দিনে যাবে। তা গেলে এটা যে কারও ম্যাচ হয়ে যেতে পারে বলে শঙ্কাও ছিল মনে। ‘খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল। ওদের হাতে উইকেট থাকলে পঞ্চম দিনে ম্যাচটা যেকোনো দিকে যেতে পারত। তবে নতুন কারও জন্য ওখানে গিয়ে ব্যাটিং শুরু করাটা কঠিন ছিল’—বলছিলেন ক্যারিবীয় অধিনায়ক।
দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে পারফরমার অনেক। প্রথম টেস্টে ব্রাফেট ডাবল সেঞ্চুরি করলেন। পরের টেস্টের দুই ইনিংসে ৬৩ ও ৪৫। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করা চন্দরপলকে তো এই সিরিজে বাংলাদেশ আউট করতে পারেনি একবারও। এ ছাড়া দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট করে পেয়েছেন কেমার রোচ ও সুলিমান বেন। সবকিছুকেই অক্টোবরে ভারত সফরের জন্য পাথেয় বলে ভাবছেন রামদিন।