অথচ শোয়েবের প্রস্তাব নিয়ে তখন হাসাহাসি হয়েছিল

>মুখের লালা মাখিয়ে ক্রিকেট বলের এক পাশ চকচকে রাখার কৌশল আজকের না। সুইং পেতে পেসারদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এ অভ্যাস। করোনার কারণে এই অভ্যাস বজায় থাকবে কি না, উঠে গেছে প্রশ্ন
ক্রিকেটে নিয়ম বদলানোর আভাস পা্ওয়া যাচ্ছে। করোনা গেলেই হয়তো সেসব নিয়ম বাস্তবায়ন করা হবে, নতুন যুগে প্রবেশ করবে ক্রিকেট।
ক্রিকেটারদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এর মধ্যেই বলে লালা মাখানো, আম্পায়ারদের কাছে সোয়েটার, চশমা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। শোয়েব আখতারের দাবি, বলে লালা মাখানো যে অস্বাস্থ্যকর, এই অভ্যাসে যে বিধিনিষেধ আরোপ করা দরকার, তা সবার আগে তিনিই বলেছেন।
নিজের ইউটিউব চ্যানেলে বলে লালা মাখানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শোয়েব বলেছেন, 'প্রায় দশ-এগার বছর আগে এক বোর্ড সভায় আমি এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। সে সভায় কে কে উপস্থিত ছিলেন, আমি তাঁদের নাম বলব না। আমি তাঁদের বলেছিলাম, একটা ম্যাচে একাধিক খেলোয়াড় বলের সংস্পর্শে আসে। এখন কোনো এক খেলোয়াড়ের যদি হাত বা মুখের রোগ থাকে, তাহলে তাঁর কাছ থেকে ঐ রোগের জীবাণু বলের মাধ্যমে অন্য সব খেলোয়াড়ের কাছে ছড়িয়ে পড়বে। এটা বেশ বিপজ্জনক। আমি আশ্চর্য হয়ে গেলাম, তাঁরা আমার এই প্রস্তাব নিয়ে হাসাহাসি করা শুরু করে দিল। পরে সেই প্রস্তাব বাতিল করে দিল। আমাকে বলা হল এসব ভুলে যেতে।'
করোনাভাইরাসের কারণে এখন শোয়েবের সেই প্রস্তাবই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটে। সুইং পেতে পেসারদের লালা ব্যবহারে অভ্যাস আজকের নয়। গ্রিপ করতে লালা মাখিয়ে থাকেন স্পিনাররাও। মোট কথা, একজন বোলার মুখের লালা ব্যবহার করবেন না, তা ভাবা কঠিন।
কিন্তু এখন থেকে এই লালা মাখানোর ব্যাপারে সম্ভবত ভাবতে হবে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও কিছুদিন আগে এই কথাই বলেছিলেন। মুখের লালা ও কাশির সঙ্গে যে সুক্ষ্ম জলকণা বেরিয়ে আসে সেই 'ড্রপলেট' থেকে ছড়ায় ভাইরাসের সংক্রমণ। সামনে ক্রিকেটারদের স্বাস্থ্যের নিরাপত্তার কথা ভেবেই বোলারদের এ অভ্যাসে লাগাম টানা হতে পারে বলে মনে করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এ পেসার।
গিলেস্পি মনে করেন, করোনা-কাল শেষে ক্রিকেট শুরু হলে তখন বলে লালা মাখানোর অভ্যাসে হস্তক্ষেপ করতে পারে আইসিসি।
বলে লালা মাখানো নিয়ে এর আগে সংশয় প্রকাশ করেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ও ও জশ হ্যাজলউড। করোনা থেকে সতর্ক থাকতেই বলে মুখের লালা মাখানোয় বিরতি দেওয়ার কথা বলেছিলেন এই ভারতীয় পেসার।