
পরশুর দিনটি ছিল আলোকিত। কিন্তু মাইকেল ক্লার্কের মুখে ছিল রাজ্যের অন্ধকার। পিঠের চোট নিয়ে ৬০ রানে যখন মাঠ ছাড়ছেন, অস্ট্রেলিয়ান অধিনায়ককে দেখে মনে হয়েছিল যেন পৃথিবীর শেষ। কোনো রকমে শরীরটিকে টেনে নিচ্ছিলেন মাঠের বাইরে। শোনা গেল এই টেস্ট তো বটেই, পরের টেস্টও অনিশ্চিত। কাল মেঘলা, গুমোট দিন। কিন্তু হাসলেন ক্লার্ক, হাসল তাঁর ব্যাট। পিঠের ব্যথার সঙ্গে যুদ্ধ জিতে করলেন অসাধারণ এক সেঞ্চুরি।
প্রেক্ষাপটের কারণেই কাল ক্লার্কের সেঞ্চুরি ছিল বিস্ময়। আরেকজনের ক্ষেত্রে ঠিক উল্টো। গায়ের পোশাক সাদা হোক বা রঙিন, স্টিভেন স্মিথ এখন অস্ট্রেলিয়ার রান মেশিন। মিডল অর্ডারের সবচেয়ে বড় নির্ভরতা। স্মিথ নামবেন এবং সেঞ্চুরি করবেন, এতে আর বিস্ময়ের কী!
দুজনের ব্যাটের ঝলকানিতে অ্যাডিলেডে বৃষ্টিস্নাত দিনটিও আলো ছড়াল। থেমে থেমে বৃষ্টিতে সারা দিনে কয়েক দফায় খেলা হয়েছে মাত্র ৩০.৪ ওভার, এতেই অস্ট্রেলিয়া তুলেছে ১৬৩ রান! লেগ স্পিনার কর্ণ শর্মাকে তাঁর দ্বিতীয় উইকেট উপহার দিয়ে এসেছেন ১২৮ রান করা ক্লার্ক, সেটিই হয়ে থেকেছে দিনের শেষ ওভার। সারা দিনে উইকেট পড়েছে ওই একটিই। ক্যারিয়ারসেরা ১৬২ রান নিয়ে অপরাজিত স্মিথ আজ নামবেন প্রথম ডাবল সেঞ্চুরির লক্ষ্য নিয়ে। কিংবা হয়তো সকালেই ইনিংস ঘোষণা করে দেবেন ক্লার্ক!
ক্লার্ককে নামতে দেখে হয়তো চমকে গিয়েছিলেন ভারতীয়রাও। আগের দিন শেষ বিকেলে ভারতীয় পেসে ফিরেছিল খানিকটা আঁচ, কাল সেটি উধাও। অ্যারন-সামি খরুচে, আনকোরা স্পিনার কর্ণ তো বল ফেলার জায়গাই পাচ্ছিলেন না যেন। এমনকি কাল ইশান্তও সুবিধা করতে পারেননি। ক্লার্ক-স্মিথ ১৬৩ রানের জুটি গড়েছেন ওভারপ্রতি সাড়ে ৫ করে রান তুলে। ১৭২ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন স্মিথ। ক্যারিয়ারের প্রথম ১১ টেস্টে সেঞ্চুরি ছিল না একটিও। পরের ১২ টেস্টে এই নিয়ে করলেন পঞ্চম সেঞ্চুরি! ইনজেকশন, ম্যাসাজ আর কিছু এক্সারসাইজ মাঠে নামার সুযোগ করে দেয় ক্লার্ককে। তবে ব্যথাটা ছিলই। সেই ব্যথা নিয়েই খেলে গেছেন, সেঞ্চুরি ছুঁয়েছেন ১২৭ বলে। ২৮তম সেঞ্চুরিতে ছাড়িয়েছেন সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকে।
যথারীতি আবেগের স্রোত ছিল কালও। সেঞ্চুরি ছুঁয়ে স্মিথ ছুটে গিয়েছিলেন মাঠে বড় করে লেখা ৪০৮ সংখ্যার কাছে। ব্যাট-হেলমেট উঁচিয়ে ধরেছিলেন আকাশের দিকে। ক্লার্কের উদ্যাপনে ছিল না উচ্ছ্বাস। হেলমেট খুললেন নিতান্ত অনিচ্ছায়, হালকা করে ব্যাট তুলে তাকিয়ে নিচের দিকে। যেন প্রিয় বন্ধু, ছোট ভাই হিউজকে নীরব স্মরণ! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
স্কোরকর্ড
অস্ট্রেলিয়া ১ম ইনিংস
(প্রথম দিন শেষে, ৩৫৪/৬; স্মিথ ৭২*)
রান বল ৪ ৬
ক্লার্ক ক পূজারা ব কর্ন ১২৮ ১৬৩ ১৮ ০
স্মিথ ব্যাটিং ১৬২ ২৩১ ২১ ০
জনসন ব্যাটিং ০ ৪ ০ ০
অতিরিক্ত (লেবা ৪, ও ৯, নো ২) ১৫
মোট (১২০ ওভারে, ৭ উইকেটে) ৫১৭
উইকেট পতন: ৬-৩৫৪, ৭-৫১৭।
বোলিং: সামি ২৪-২-১২০-২ (ও ১), অ্যারন ২৩-১-১৩৬-২ (নো ২, ও ৩), ইশান্ত ২৭-৫-৮৫-১ (ও ১), কর্ন ৩৩-১-১৪৩-২, বিজয় ১৩-৩-২৯-০।