প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটের সব নিয়মকানুন আপনার জানা? আপনি কি জানেন নো বলে রানআউট ছাড়াও অন্যভাবে আউট হওয়া সম্ভব? যদি না জানেন তবে এই ইংলিশ ক্রিকেটারের মতো দশা হতে পারে। বেচারা ব্রিন ডার্বিশায়ার খেলেন হ্যাম্পশায়ারের স্থানীয় লিগে লিমিংটন ক্লাবে। কাল ইংল্যান্ডের দ্য টাইমস জানিয়েছে, ওভার স্টেপিংয়ের জন্য নো ডাকা একটি বল হাত দিয়ে ধরে ফিল্ডারকে ফেরত দিয়েছিলেন ডার্বিশায়ার। ফিল্ডিং দল আবেদন করতেই আউট দিয়ে দেন আম্পায়ার, ডার্বিশায়ারও হয়ে যান ইতিহাস। এর আগে হ্যান্ডল দ্য বল আউট অনেকেই হয়েছেন, কিন্তু নো বলে হ্যান্ডল দ্য বল আউট? ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসির ক্রিকেট আইন উপদেষ্টা মার্ক উইলিয়ামসের মতে সম্ভবত এবারই প্রথম হলো। আইন অনুযায়ী নো বলে রানআউট, হ্যান্ডল দ্য বল, হিটিং দ্য বল টুয়াইস ও অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হওয়া সম্ভব। এএফপি।