অদ্ভুত রান আউট থেকেই চাপে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই রান আউট থেকেই শুরু বাংলাদেশের পথ হারানো। ছবি: শামসুল হক
এই রান আউট থেকেই শুরু বাংলাদেশের পথ হারানো। ছবি: শামসুল হক

১৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দলকে ভালোই এগিয়ে নিচ্ছিল পিনাক ঘোষ-জয়রাজ শেখের দ্বিতীয় উইকেট জুটি। ২০তম ওভারে এসে ছন্দপতন! আর সেটি ব্যাটসম্যানদের ভুলেই। অদ্ভুত রান আউটে কাটা পড়ে ফিরলেন পিনাক। তখন থেকেই চাপের মুখে ছিল বাংলাদেশ।

আশার কথা, সেই চাপ সামলে নিয়ে পথ দেখাচ্ছে জাকির–মিরাজের ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি। এই প্রতিবেদন লেখার সময় ৩৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৪১। ৬ উইকেট হাতে, কিন্তু তুলতে হবে আরও ৭১। ওভার বাকি ১১। ওভার পিছু রান তোলার সমীকরণটা ছয় পেরিয়ে হয়ে গেছে ৬.৪৪। জাকির (২৮) ও অধিনায়ক মিরাজ (২৯) পথ দেখাচ্ছেন।

সবকিছুর শুরুটা সেই অদ্ভুত রান আউট থেকেই। ২০তম ওভারের দ্বিতীয় বলটা কাভারে ঠেলেই দৌড় দিলেন জয়রাজ। ফিল্ডারের হাত ফসকে বেরিয়ে গিয়েছিল বল। ফলে কঠিন এক রানটা ঠিকমতোই নিতে পেরেছিলেন। কিন্তু যেখানে এক রান হয় না, সেখানে দুজন মিলে নিতে চাইলেন দুই রান! দুজনের ‘ইয়েস-ইয়েস’ আর ‘নো নো’-এর বিভ্রান্তির সুযোগ নিল নেপাল। বল গেল নন স্ট্রাইকিং প্রান্তে। ভেঙে দেওয়া হলো স্টাম্প। ততক্ষণে জয়রাজ ও পিনাক দুজনই একই প্রান্তে! কে হবে আউট? অনেকক্ষণ রিপ্লে দেখার পর পিনাককেই ফিরতে হলো। পার্টনার জয়রাজের পর ব্যাট রেখেছেন ক্রিজের ভেতরে, তাই। অথচ ৩২ করা পিনাক ভালোমতোই থিতু হয়ে গিয়েছিলেন।

দুই ব্যাটসম্যানের ভুলে লাভে বিরাট লাভ হলো নেপালের। ভাঙল পিনাক-জয়রাজের ৪৬ রানের জুটি, যে জুটি বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিল দলকে। কিন্তু সেই রান আউট যেন স্নায়ুচাপেও ফেলে দিল দলকে। ৩৫ রানের মধ্যে বাংলাদেশ হারাল আরও তিন ব্যাটসম্যান। ১ উইকেটে ৬৩, ভদ্রস্থ স্কোরটা হয়ে গেল ৪ উইকেটে ৯৮।

সমস্যা হলো, উইকেটে যে দুই ব্যাটসম্যান আছেন, এদের একজন ফিরলেই লেজ বেরিয়ে পড়বে। কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে সেই স্নায়ু চাপ শেষের দিকের ব্যাটসম্যানরা নিতে পারবে তো? সাইদ, মেহেদি রানা, আরিফ-তিনজনেরই ব্যাটিং রেকর্ডটা ভরসা জাগানোর মতো নয়। তবে সাতে নামার অপেক্ষায় থাকা সাইফউদ্দিন ব্যাটিংটা মোটামুটি ভালো পারেন। প্রথম শ্রেণির ক্রিকেট দুটি ফিফটি আছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৬ রানের ইনিংসও খেলেছিলেন।

কিন্তু আর একটা উইকেট পড়ে গেলে বাংলাদেশের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যাবে। সহজ যে সমীকরণটাকে কঠিন করে ফেলার শুরু সেই অদ্ভুত রান আউট থেকে। অবশ্য এই দুজনের রান আউটের ঘটনা নতুন নয়।

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুজনের ৪৪ রানের জুটি ভেঙেছিল রান আউটে। সেদিনও আউট হয়েছিলেন পিনাক। শারীরিক গড়নের কারণে দুজনের রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে আগে থেকেই রয়েছে প্রশ্ন। চার ম্যাচের মধ্যে দুবার একইভাবে আউট হওয়ায় প্রশ্নটা এখন আরও উচ্চকিত।

পিনাকের ফিরে যাওয়ার ঠিক ১২ রান পরে আউট হয়েছেন এবার যুব বিশ্বকাপে দুর্দান্ত খেলা নাজমুলও। সন্দীপ লামিছানের বলে সহজ এক ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন যুব আন্তর্জাতিক ওয়ানডেতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১৭ শ রান তোলা এই ব্যাটসম্যান। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন জয়রাজ এবং জাকির হাসান। কিন্তু জয়রাজ ৪৮ করে এলবিডব্লু হয়ে ফিরেছেন।

চাপ সামলে ৬৬ বলে ৭১ তোলার কাজটা ভালোমতো এগিয়ে নিতে হবে মিরাজ–জাকিরকে।