অধরাই থেকে গেল সোনা

মাঠেই দুই হাঁটুতে মুখ গুঁজে বসে কান্না চাপার চেষ্টা করছিলেন রুমানা। একটু দূরে ডাগ-আউটে বসে ছিলেন সালমা আর আয়েশা। সাংবাদিকদের ছবি তুলতে আসতে দেখে উঠে চলে গেলেন ড্রেসিংরুমের দিকে। তারও একটু পর পুরো দলকে একসঙ্গে পাওয়া গেল ড্রেসিংরুমের বারান্দাতেই। সবার মুখে অন্ধকার, বেদনাবিধুর ছায়া।
এত কাছে, তবু কত দূরে! সোনার স্বপ্ন হাতছানি দিয়েও হারিয়ে গেল মরীচিকার মতো, গত গেমসের মতো সেই পাকিস্তানের কাছে হেরেই। জাহানারা-রুমানাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৯৭ রানে আটকে রেখেও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪ রানে হারতে হলো ফাইনালে!
পাকিস্তানের ইনিংসের পরই ঝুম বৃষ্টি নামে কাল ইনচনের ইয়োনহি ক্রিকেট মাঠে। ঘণ্টা দেড়েক পর আবার যখন খেলা শুরু হয়, বাংলাদেশ মহিলা দলের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে, মানে ৪২ বলে ৪৩ রান। শুরুটা দুর্দান্ত করেও স্নায়ুচাপে ভোগা সালমার দল কিনা ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারল মাত্র ৩৮! সোনা না পেলেও অবশ্য নারী ক্রিকেট দলের এই রুপাটাই এবারের এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক।
পাকিস্তানের পেসার আসমাভিয়া ইকবালের প্রথম ওভারেই ১০ রান তুলে নেন বাংলাদেশের দুই ওপেনার আয়েশা রহমান ও রুমানা আহমেদ। জয়ের দিগন্ত তখন যেন অনেকটাই পরিষ্কার। ইনিংসের দ্বিতীয় ওভারে ২ রান এলেও পরের দুই ওভারে ৮ ও ৯। ৪ ওভার শেষে রানআউট হওয়া আয়েশা ও রুমানাকে হারিয়ে ২৯ রান—ভিআইপি বক্সে বসে খেলা দেখা এসিসির বাংলাদেশি প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক বা আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল থেকে শুরু করে ফাইনাল দেখতে মাঠে আসা কোরিয়াপ্রবাসী বাংলাদেশি কিংবা এশিয়া কাপ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিক, সবাই তখন জয়ের ক্ষণগণনা করছেন। শেষ ৩ ওভারে রান দরকার মাত্র ১৪—এ তো চোখের পলকে হয়ে যাবে! গ্যালারি থেকে দর্শকদের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকারে মাঠেও ব্যাটাররা তখন দারুণ আত্মবিশ্বাসী। রিভার্স সুইপে মারা রুমানার দুর্দান্ত বাউন্ডারিটা দেখে মনে হলো, দিনটা বাংলাদেশের মেয়েদেরই।

কিন্তু কে জানত, দুর্ভাগ্যের শুরু আসলে ওই ৪ ওভার শেষেই! ইনিংসের পঞ্চম ওভারে রান এল মাত্র ৪, হারাতে হলো সালমা খাতুন আর ফারজানা হকের উইকেট দুটি। এটা এমনই এক বিপর্যয় ডেকে আনল যে, শেষ ২ ওভারে ১২ আর শেষ ওভারে ৭ রান করার চ্যালেঞ্জও টপকাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। যেখানে ১ রান করে নিলেই জয়টা সহজে এসে যায়, সেখানে এলোপাতাড়ি ব্যাট চালিয়ে একে একে আউট হয়ে ফিরলেন সবাই।
দিন শেষে কোচ চাম্পিকা গামাগির কাছে এটাকে মনে হয়েছে স্নায়ুচাপে ভোগার ফল, ‘৪২ বলে ৪৩ রান লাগত। ব্যাটে বল লাগালেই ১ রান করে আসতে পারে। সবাইকে সেটাই বলে দেওয়া হয়েছে। কিন্তু উইকেটে গিয়ে কেউ সেটা করল না।’ বাংলাদেশের মেয়েদের ব্যাটিং টেকনিকে দারুণ মুগ্ধ প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শারীরিক শক্তিটা আরও বাড়ালে এই মেয়েদের পক্ষেই অসাধ্য সাধন করা সম্ভব বলে মনে করেন তিনি। কিন্তু কালকের ব্যাটিং হতাশ করেছে ফারুককেও, ‘মাঠের বাইরে থেকে সব মেয়েকেই দেখলাম চিৎকার করে ব্যাটসম্যানদের বলছে, এক রান করে নাও, এক রান করে নাও। কিন্তু মাঠে গিয়ে ওরা নিজেরাও সেটা ভুলে গেল!’
ম্যাচ শেষে হারের ময়নাতদন্ত করতে গিয়ে অধিনায়ক সালমাও বললেন, স্নায়ুচাপে ভোগার কারণেই তীরে এসে তরি ডুবেছে, ‘অতিরিক্ত উত্তেজনার কারণেই হয়তো অনেকে মারতে গিয়ে আউট হয়ে গেছে। সবাইকেই বলা হয়েছিল ১ রান করে নিতে। আমরা যদি ঠান্ডা মাথায় সিঙ্গেলসের ওপরে খেলতাম, তাহলে ম্যাচটা জিতে যেতাম।’ ৭ ওভারে ৪৩ রানকে কখনোই কঠিন লক্ষ্য মনে হয়নি সালমাদের কাছে। তার পরও সোনার স্বপ্নপূরণ না হওয়ায় হতাশ মহিলা দলের অধিনায়ক, ‘গত এশিয়া কাপে রুপা জিতেছিলাম। এবার সোনা জেতার আরেকটা সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল। দুঃখ তো সবাই-ই পেয়েছে।’
শ্যুটিং, জিমন্যাস্টিকসের পদকের আশা শেষ হয়ে গেছে আগেই। বাকি ছিল ক্রিকেট। সোনা জিততে না পারলেও সেই ক্রিকেটে মেয়েদের দল অন্তত একটা রুপা এনে দিল। স্বপ্নের বাকিটা পূরণ করতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ছেলেদের ক্রিকেট দলের ইনচন পৌঁছানোর কথা আজই।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ৯৭/৬ (বিসমাহ ২৪, নাইন ১৮, মেরিনা ১৪, সানা ১০, নিদা ১০*; রুমানা ২/১৩, জাহানারা ১/১২, সালমা ১/২২, ফাহিমা ১/১৯, শায়লা ০/১২, পান্না ০/১৮)।
বাংলাদেশ: ৭ ওভারে ৩৮/৯ (আয়েশা ৭, রুমানা ১০, ফারজানা ১০, সালমা ১, লতা ১, ফাহিমা ০, নুজহাত ১, শাহানাজ ৩, পান্না ১, জাহানারা ০*, শায়লা ০*; সাদিয়া ২/২, নিদা ২/২, সানা ২/১১)।
ফল: পাকিস্তান ৪ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)।