
অধিনায়ক না থাকলে সহ-অধিনায়কই অধিনায়ক। মুশফিকুর রহিমের চোটের সৌজন্যে ক্রাইস্টচার্চ টেস্টে সেই পদোন্নতিটা পেয়ে গেলেন তামিম ইকবাল। সহ-অধিনায়ক থেকে তিনি এই টেস্টের অধিনায়ক। আর এই এক ম্যাচের নেতৃত্ব পাওয়াটা তামিমের চোখে নিজের নেতৃত্বগুণ প্রমাণের সুযোগ।
ব্যাপারটা আসলেই সে রকম। বাংলাদেশের ক্রিকেটে তামিমের এখন একটা জায়গাতেই নিজেকে প্রমাণের বাকি আছে—অধিনায়কত্ব। তাঁর ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। সতীর্থ হিসেবে তিনি অসাধারণ। সহ-অধিনায়ক তামিমও পারেন নিপুণ দক্ষতায় দলকে বিনি সুতোর মালায় গেঁথে রাখতে। কিন্তু অধিনায়ক তামিম কেমন হবেন? ভবিষ্যতে যদি কখনো বাংলাদেশ দলের দায়িত্ব লম্বা সময়ের জন্য পান, কেমন হবে তাঁর নেতৃত্বের দর্শন, সেসবেরই ‘লিটমাস টেস্ট’ যেন আজ থেকে শুরু ক্রাইস্টচার্চ টেস্ট।
এর আগেও তামিম নেতৃত্বের
সিঁড়িতে ছিলেন। কিন্তু ২০১১-এর জিম্বাবুয়ে সফরের পর অধিনায়ক সাকিব আল হাসানসহ সহ-অধিনায়ক তামিমও সেই সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেলেন। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ৩-২-এ সিরিজ হেরেছিল, তবে সেটা বড় বিষয় ছিল না। বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল পত্রপত্রিকার কিছু রিপোর্ট, যেখানে সাকিব-তামিমের নেতৃত্বের সমালোচনার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গেরও অভিযোগ আনা হয়েছিল। সফর শেষে বিসিবি নেতৃত্ব থেকে সরিয়ে দেয় দুজনকেই। তাঁদের নেতৃত্ব সন্তোষজনক নয়, শৃঙ্খলাভঙ্গ—কারণ হিসেবে এগুলোকেই আনা হয়েছিল সামনে।
সেই দিন গত হয়েছে অনেক আগে। সব সমালোচনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ২০১৪ সালে সাকিব-তামিম আবারও ফেরেন বাংলাদেশ দলের নেতৃত্বে। তবে একটু অন্যভাবে। সাকিব ওয়ানডে দলের সহ-অধিনায়ক, তামিম টেস্ট দলের। সহ-অধিনায়ক থাকা অবস্থায় এবারের ওয়েলিংটন টেস্টসহ দু-একবার মাঠে দল পরিচালনার ভার বর্তেছে তামিমের ওপর। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পুরো একটি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব তিনি এবারই প্রথম পাচ্ছেন।
মুশফিকের চোটে হতাশা প্রকাশ করেও তামিম তাই রোমাঞ্চিত। কাল হ্যাগলি ওভালের সংবাদ সম্মেলনে সেই রোমাঞ্চ ঝংকার দিল তাঁর প্রতিটি শব্দে। অধিনায়কত্বের চাপ তাঁকে স্পর্শ করছে না, ‘চাপের কিছু নেই। আমাকে সহ-অধিনায়ক করা হয়েছিল যেন অধিনায়কের কোনো সমস্যা হলে আমি দায়িত্ব পালন করতে পারি। আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে চেষ্টা করব। তাহলে সেটা সবার জন্যই ভালো হবে। আমার পরিকল্পনা ব্যর্থও হতে পারে। সেটা নিয়ে চিন্তিত নই। উদ্দেশ্য ঠিক থাকলেই আমি খুশি।’
চাপের প্রসঙ্গ কয়েকবারই এল এবং প্রতিবারই সেগুলো আছড়ে ফেললেন মাঠের বাইরে, ‘আমি মোটেও চাপে নেই। যদি ব্যাটিং, বোলিং, কিপিং—সব করতে হতো তাহলে হয়তো চাপে থাকতাম। আমাকে ভালো ব্যাটিং করতে হবে, দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে হবে। আমার মনে হয় না, এটা বাড়তি কোনো চাপ হবে।’ তামিম বরং নেতৃত্বগুণ প্রমাণের সুযোগটাকে কাজে লাগাতে চান ব্যাটিংয়ের আক্রমণাত্মক মানসিকতা দিয়ে, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমার মানসিকতা আক্রমণাত্মক। ব্যাটিং আমি ওভাবেই করতে পছন্দ করি। অধিনায়কত্বেও যতটা সম্ভব ইতিবাচক থাকতে চাইব।’
নেতৃত্বে থাকার আগের অভিজ্ঞতা তিক্ত হওয়াতেই হয়তো অধিনায়কত্বের এই পরীক্ষায় সতর্ক পদক্ষেপে এগোতে চান তামিম। জাতীয় দলের অধিনায়ক চরিত্রটির দুই রকম পরিণতিই থাকে। সাফল্য পেলে আকাশে উড়বেন, ব্যর্থতায় পপাত ধরণিতল। সে জন্য আগে থেকেই সবার সাহায্য চেয়ে রাখলেন, ‘আমরা যে জিনিসগুলো চিন্তা করছি, যে পরিকল্পনাগুলো করছি, সেগুলো কাজে লাগাতে পারলে ভালো কিছুই হবে। অন্যদের সমর্থনটা খুব গুরুত্বপূর্ণ। আমি চাই সবাই নিয়ে একই পথে হাঁটতে। তাহলে সবার কাজ সহজ হয়ে যায়।’
অধিনায়কত্ব ব্যাপারটাই এমন। সবার আলোতেই আপনি আলোকিত হবেন। সবাই অন্ধকারে ডুবে থাকলে আপনাকেও কেউ খুঁজে পাবে না। ওয়েলিংটন টেস্টে বুক চিতিয়ে লড়াই করার সাহস দেখিয়েও যে কারণে আলোর সন্ধান পাননি মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে যে অন্ধকারে ডুবে গেলেন সাকিব-তামিমের মতো মশালচিরাও!
সংবাদ সম্মেলনে শেষ কথাটা ভালো বলেছেন তামিম, ‘সব বক্সে টিক দিতে পারলে ইতিবাচক ফল আশা করতে পারি।’ ক্রাইস্টচার্চ টেস্টে ভালো কিছু পেতে সবকিছুতেই চাই সাফল্য। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এবং অধিনায়কত্বের ‘টেস্টে’ তামিমের কৃতকার্য হওয়াটাও।