অধিনায়ক মুশফিকের বিকল্প কে?

নিঃসন্দেহে মুশফিকুর রহিমই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক। টেস্টে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে তাঁর নেতৃত্বেই। বাংলাদেশ টেস্ট যে ১০টা জয় পেয়েছে ৭টিই তাঁর অধিনায়কত্বে। মুশফিকের নেতৃত্বে ড্র করেছে ৯ টেস্টে। হার ১৭টিতে। কিন্তু অধিনায়কত্ব পর্বটা কখনোই চিরস্থায়ী নয়। শোনা যাচ্ছে, নানা কারণে মুশফিকের বিকল্প খুঁজতে শুরু করেছে বিসিবি। কে হতে পারেন তাঁর বিকল্প, এই প্রশ্নে বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া।
ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক
‘আমার কাছে মনে হয় না, এ নিয়ে কথা বলার উপযুক্ত সময় এটি। একটা সফরের মাঝে আছে দল। কে কেমন অধিনায়কত্ব করে, এটা আমরা জানি। সিরিজে ভুলত্রুটি হতেই পারে। সব সিরিজ তো এক রকম যাবে না। তবে আমার প্রশ্ন, ব্যর্থতার দায় কি শুধু মুশফিকের? টিম ম্যানেজমেন্টের কোনো দায় নেই? দল যখন ভালো খেলে সবাই বাহাবা নেয়। আর খারাপ খেললে শুধু অধিনায়ক আর খেলোয়াড়দের দোষ? টিম ম্যানেজমেন্ট এখানে ভীষণভাবেই ব্যর্থ। সংবাদ সম্মেলনে মুশফিক জানিয়েছে তাকে কোথায় ফিল্ডিং করতে সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করে দিয়েছে, এটা কি ভালো কিছু? তাহলে তো সবার আগে কাঠগড়ায় দাঁড়াতে হবে কোচকেই। যদিও প্রকাশ্যে মুশফিকের এসব বলা উচিত হয়নি। কিন্তু বিষয়টা যদি সত্যি হয়ে থাকে, কোচ যদি বাইরে থেকে এভাবে নির্দেশনা দিতে থাকে, দলের কী অবস্থা ভাবা যায়! অধিনায়ক মুশফিক ব্যর্থ হলে তাঁর বিকল্প বোর্ড খুঁজতেই পারে। প্রশ্ন হচ্ছে সময়টা নিয়ে। একটা সিরিজ চলার সময় এই আলোচনা হওয়াই ঠিক না।’
রকিবুল হাসান, সাবেক অধিনায়ক
‘সব অধিনায়ককেই একটা সময় থামতে হয়। মুশফিককেও থামতে হবে। ম্যানেজমেন্ট হয়তো মনে করতে পারে অধিনায়কত্ব ছাড়লে ভবিষ্যতে তাঁর পারফরম্যান্স আরও ভালো হতে পারে। দায়িত্ব-চাপ অধিনায়কদের থাকে। তবে মনে রাখতে হবে, মুশফিকই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তবে একটা সময় অধিনায়কত্ব ছাড়তে হয়। মুশফিকের বিকল্প হিসেবে এই মুহূর্তে মধ্যম সারির খেলোয়াড় যারা কিনা আরও পাঁচ-ছয় বছর নিয়মিত দলে খেলতে পারে, অধিনায়কত্ব-মস্তিষ্ক আছে, এমন কোনো ক্রিকেটারকে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে তাই সিনিয়দের মধ্য থেকেই খুঁজতে হবে। সাকিব আল হাসানকেই মুশফিকের সেরা বিকল্প মনে হয়। সে বিশ্বমানের ক্রিকেটার। তাঁর যে অলরাউন্ড পারফরম্যান্স, ওটাই সব কথা বলে। সতীর্থরা এই যোগ্যতার জন্যই তাকে ভীষণ সম্মান করে। একেক অধিনায়কের ধরন একেকরকম। তবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য সাকিবের আছে।’
টেস্টে অধিনায়ক হিসেবে সাকিব
২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজার চোটে হঠাৎই নেতৃত্ব পেয়েছিলেন সাকিব। ৯ টেস্টে অধিনায়কত্ব করে জয়ের স্বাদ পেয়েছেন একটিতে। বাকি ৮টিতে হার।
আতহার আলী খান, সাবেক নির্বাচক
‘যদি মুশফিক ছেড়ে দেয়, অনেকে মনে করতে পারে টেস্ট অধিনায়কত্ব সাকিবকে দেওয়া যেতে পারে। তবে আমি মনে করি, টেস্টে বর্তমান বাংলাদেশ দলের সহ–অধিনায়ক তামিম ইকবাল হতে পারে ওর সেরা বিকল্প। একজন ব্যাটসম্যান হিসেবে সে যে ফর্মে আছে এবং অতীতে দেখেছি, মাঠে সে যেভাবে সক্রিয় থাকে, আমার কাছে মনে হয়, এখানে তামিমই সেরা। সে কোনো কিছু ঘটার জন্য অপেক্ষায় থাকে না। নিজেই ঘটনা ঘটিয়ে দিতে পছন্দ করে। মাঠে তার আগ্রাসন প্রশংসনীয়। যেভাবে সে আক্রমণাত্মক ব্যাটিং করে, একইভাবে সাজাতে পারে দলের বোলিং আক্রমণ ও ফিল্ডিং। সে ফাটকা খেলতে জানে। মুশফিকের চেয়ে কিছুটা বেশি সুযোগ নিতে পারে। সবাই জানি, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে।’
টেস্টে অধিনায়ক হিসেবে তামিম
মুশফিক চোটে পড়ায় গত জানুয়ারিতে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। সেটিতে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে।
আরও পড়ুন:
অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিক!