অধিনায়ক হবে বুদ্ধিদীপ্ত, আক্রমণাত্মক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নামের আগে বিশেষণের প্রয়োজন নেই। বিশ্বকাপের মঞ্চে ক্লাইভ লয়েড নামটি আরও বেশি প্রাসঙ্গিক। প্রথম দুটি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক গত বৃহস্পতিবার কথা বলেছেন ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকার সঙ্গে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ফিরে তাকিয়েছেন অতীতে। আলো ফেলেছেন বর্তমানেও

ক্লাইভ লয়েড
ক্লাইভ লয়েড

৪০ বছর পেরিয়ে গেল। আপনার মনের আয়নায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ের সেই স্মৃতিটা এখনো কেমন?
ক্লাইভ লয়েড: সেই দিনগুলো ছিল অসাধারণ। আমরা প্রথম বিশ্বকাপ জেতার পর ক্যারিবিয়ানে ক্রিকেট বদলে গেল। আমার আশা, সেই দিনগুলো শিগগিরই ফিরে আসবে।
প্রথম বিশ্বকাপে আপনি এবং আপনার দল কীভাবে নিজেদের তুলে ধরেছিলেন?
ক্লাইভ লয়েড: আমাদের মধ্যে কয়েকজনের সীমিত ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল কাউন্টি পর্যায়ে। কাজেই বিশ্বকাপে খেলার মতো পর্যাপ্ত ধারণা নিয়েই আমরা টুর্নামেন্টে নেমেছিলাম।
ওয়েস্ট ইন্ডিজ কি ওই বিশ্বকাপ ফেবারিট হিসেবেই শুরু করেছিল?
লয়েড: না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান...এমনকি নিউজিল্যান্ড দলটাও বেশ ভালো ছিল। আমরাও ভালো দলের স্বীকৃতি পাচ্ছিলাম, তবে ফেবারিট নয়।
 অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলেছেন। সেই ফাইনাল নিয়ে আপনি নিজে কী ভাবছিলেন?
লয়েড: আমরা আসলে উচ্ছ্বসিত-উদ্বেলিত ছিলাম। আমি আর রোহান কানহাই ভালো জুটি গড়ে স্কোরবোর্ডে ২৯১ তুলেছিলাম। তখনকার দিনে এই স্কোর প্রতিপক্ষের জন্য যথেষ্টই ভয়ের ছিল। অস্ট্রেলিয়াকে আটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালটা জিতে নিই আমরা (লয়েড ১০২, কানহাই ৫৫। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৭ রানে)।
১৯৭৯ বিশ্বকাপে নিশ্চয়ই ফেবারিট হিসেবেই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ?
লয়েড: অবশ্যই সেবার আমরা ফেবারিট ছিলাম। পঁচাত্তরের বিশ্বজয়ী দলের কয়েকজন খেলোয়াড় সেবারও ছিল দলে। প্রথমবার খেলছে এমন কয়েকজন ভালো খেলোয়াড়ও পেয়েছিলাম। যেমন ডেসমন্ড হেইন্স, মাইকেল হোল্ডিং ও জোয়েল গার্নার।
১৯৭৯ বিশ্বকাপে আপনি কি একটু ভিন্নভাবে অধিনায়ক হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন?
লয়েড: আসলে ব্যাপারটা তেমন নয়। আমরা জিততে চাইছিলাম। কারণ জয় পাওয়া দারুণ একটা অভ্যাসের ব্যাপার। ১৯৮৩ বিশ্বকাপে আমরা ফাইনালসহ দুটি ম্যাচ হেরেছিলাম, দুটিই ভারতের সঙ্গে। এর আগ পর্যন্ত আমাদের ছিল অসাধারণ বিশ্বকাপ রেকর্ড।
১৯৭৯ বিশ্বকাপ ফাইনাল কীভাবে স্মরণ করেন?
লয়েড: ইংল্যান্ডের সঙ্গে খেলেছিলাম এবং ইংলিশ খেলোয়াড়দের সীমিত ওভারের ম্যাচ খেলার কিছু অভিজ্ঞতা ছিল। তবে আমরা ৯২ রানে জিতেছিলাম, ভিভ (ভিভ রিচার্ডস) ১৩৮ রানে অপরাজিত ছিল।
আপনি এমন একটা সমৃদ্ধ অতীতের ধারক, এত প্রেরণাদায়ী...
লয়েড: এটা আসলে আমার একার ব্যাপার ছিল না। সাফল্যটা আসে সবার চেষ্টায়। তবে হ্যাঁ, আমরা সবার সম্মান আদায় করব নিশ্চিত ছিলাম। যদিও ১৯৮৩ ফাইনালে ভারতের কাছে হার আমাদের বেদনাহত করেছিল। ভারতের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যও ছুঁতে পারলাম না (ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৪০ রানে)।
ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক এখন হোল্ডার। দায়িত্বটা দিয়ে তাঁকে আপনি কী বলেছেন?
লয়েড: অধিনায়কের মূল শর্তটি জানতে দিতে হবে ওকে। জেসন দুর্দান্ত ছেলে, বুদ্ধিমানও। এই বিশ্বকাপে ওর অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিত। অধিনায়কের আসনে সে লম্বা সময় থাকতে পারে, ওর বয়স মাত্র ২৩।
একটা বিশ্বকাপে অধিনায়কের দল পরিচালনা কেমন হওয়া উচিত মনে করেন?
লয়েড: এটা মনে রাখা উচিত, বিশ্বকাপ জয়ের সামর্থ্য তাদের আছে এবং এটা তাদের প্রাপ্যই। এই তাড়না, অনমনীয় মানসিকতা অবশ্যই থাকা চাই।
আপনার পরামর্শ কী?
লয়েড: অধিনায়ককে অবশ্যই বুদ্ধিদীপ্ত ও আক্রমণাত্মক হতে হবে। সব খেলোয়াড়ের সম্মান আদায় করাও অধিনায়কের বড় কাজ।
এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে অগ্রাধিকার কী?
লয়েড: নকআউট পর্বে ওঠা।
ওয়েস্ট ইন্ডিজ দলের ধারাবাহিকতার অভাবের প্রথম কারণটা কী?
লয়েড: সম্ভবত আমরা আমাদের প্রতিভা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না। আমাদের নবীন-অনভিজ্ঞ খেলোয়াড় অনেক। কাউন্টিতে খেলার চলটাও অনেক কমে গেছে। আমাদের সময় প্রায় সব খেলোয়াড়ই কাউন্টিতে খেলত এবং সেখানে অনেক অভিজ্ঞতা অর্জন করত। ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেওয়া খুবই দরকার।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচকের বর্তমান ভূমিকা আপনার কাছে কি চাপ মনে হচ্ছে?
লয়েড: আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। তার অর্থ এই নয়, আপনি থেমে যাবেন। যা করছেন সেটা করে যাওয়া উচিত।
বিশ্বকাপ দল থেকে ডোয়াইন ব্রাভো এবং কাইরন পোলার্ডকে বাদ দিতে আপনার একটা বড় ভূমিকা ছিল...
লয়েড: ওই অধ্যায় শেষ এবং আমি এ নিয়ে কথা বলতে চাই না। আমরা সেরা দলটাই বেছে নিয়েছি।
প্রথম বিশ্বকাপের পর থেকে সীমিত ওভারের ক্রিকেট অনেক পরিবর্তন দেখেছে। আপনার মত কী?
লয়েড: নিয়মবদলের সুযোগটা আপনাকে নিতে হবে। তবে আমি ছোট বাউন্ডারি পছন্দ করি না।
আপনি কি এখনো গায়ানা সরকারের উপদেষ্টা পদে আছেন?
লয়েড: হ্যাঁ, প্রেসিডেন্টকে খেলাধুলার বিষয়ে পরামর্শ দিই।
শেষ প্রশ্ন, আপনি অনেক অনেক হ্যাট পরেন...
লয়েড: (হাসি) আপনি ঠিক বলছেন। একমাত্র হ্যাট আমি পরিনি, যেটি হলো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর...।