অধিনায়কত্বেই আশা মরগানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কুককে ছাড়াই খেলতে নামছে ইংল্যান্ড। কলম্বোর শ্রীলঙ্কা-ইংল্যান্ড চতুর্থ ওয়ানডের দল থেকে অবশ্য কুককে বাদ দেওয়া হয়নি। তৃতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে আইসিসিই এক ম্যাচ নিষিদ্ধ করেছে কুককে। এই সুযোগেই আজ ইংল্যান্ডের হয়ে টস করবেন ব্যাট হাতে নিজেকে হারিয়ে খোঁজা এউইন মরগান। অধিনায়কত্ব কি বদলে দেবে মরগানের ভাগ্য?
অধিনায়ক হিসেবে মরগানের অতীত ইংল্যান্ডকে আশাই দিচ্ছে। এর আগে নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে সাত ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত হওয়া মরগান। ওই সাত ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৭৩.০০ গড়ে ৩৬৫ রান করেছেন এই বাঁহাতি। ৩ জয়, ৩ হার—নেতৃত্বেও ভারসাম্য মরগানের রেকর্ডে। সর্বশেষ ১৬ ওয়ানডেতে একবারও ৫০ পেরোতে না পারা মরগান নেতৃত্বের ছোঁয়ায় নিজেকে ফিরে পান কি না, প্রশ্ন সেটাই।
মরগান নিজেও ভাবছেন ফর্মে ফিরতে অধিনায়কত্ব অনুঘটকের কাজ করবে, ‘আমি সব সময়ই নেতৃত্ব উপভোগ করি। এর আরেকটা ভালো দিক হলো এটা পুরো ম্যাচেই আপনাকে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমিয়ে দেয়। তাই হয়তো এটা (অধিনায়কত্ব) আমাকে কিছু রান পেতে সাহায্য করবে।’ ক্রিকইনফো, বিবিসি।