বদলে গেছে ইংল্যান্ড। বদলে গেছেন এইউন মরগানও। বিশ্বকাপে ৫ ইনিংসে মাত্র ৯০ রান করা ইংল্যান্ড অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচেই করে ফেলেছেন ৩২২ রান। ৫০, ৮৮, ৭১ ও ১১৩—চার ম্যাচেই ৫০ ছাড়ানো ইনিংস, মরগান একটা রেকর্ডও করে ফেলেছেন। এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে কিংবা টুর্নামেন্টের ইংল্যান্ডের কোনো অধিনায়ক ৪ বার ৫০ ছাড়ালেন। শুধু দ্বিপাক্ষিক সিরিজের হিসাব করলে মরগান ছুঁয়ে ফেলেছেন অধিনায়কদের রেকর্ড। এর আগে অধিনায়ক হিসেবে দ্বিপাক্ষিক সিরিজে চারবার কমপক্ষে ফিফটি করেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, জর্জ বেইলি, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও পাকিস্তানের মিসবাহ-উল-হক। মরগানকে হাতছানি দিচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংসের রেকর্ডও। শেষ ম্যাচেও ফিফটি পেলে মরগান ছুঁয়ে ফেলবেন পাকিস্তানের ইয়াসির হামিদ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার পাঁচ ফিফটির রেকর্ড।