অধিনায়ক কোহলির টানা দুই হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলকে জেতাতে পারেননি বিরাট কোহলি। ছবি: এএফপি
দলকে জেতাতে পারেননি বিরাট কোহলি। ছবি: এএফপি

গত বছর আইপিএলে ওপেনার হিসেবে ১৫ ইনিংসে ৯২১ রান করেছিলেন বিরাট কোহলি। কিন্তু সব সময় যে রানের ফোয়ারা ছোটাবেন তা তো আর হয় না! আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইনিংস ওপেন করে আউট হয়েছেন ২৯ রানে। ভারতও জয় পায়নি।

টেস্ট আর ওয়ানডেতে সিরিজে জুড়ে ধুঁকতে থাকা ইংল্যান্ড টি-টোয়েন্টির শুরুটা করল দারুণভাবে। লক্ষ্য ছিল ১৪৮ রান, ১১ বল হাতে রেখেই ইংল্যান্ড পৌঁছেছে জয়ের বন্দরে, ম্যাচ জিতেছে ৭ উইকেটে। সফরকারিরা জয়ের ভীত গড়ে শুরু থেকেই। প্রথম তিন ওভারেই আসে ৩৬ রান। ৪ থেকে ৮—এই ৫ ওভারে মাত্র ২৬ রানই দেয় ভারতের স্পিনাররা। কিন্তু এরপর নিয়ন্ত্রণটা আলগা হয়ে যায়।
ভারত সফরে এই প্রথম ফিফটি পাননি জো রুট। তাতে কী? তাঁর ৪৬ বলে ৪৬ রানের সঙ্গে ইউইন মরগ্যানের ৩৮ বলে ৫১ রানের ইনিংসে ইংল্যান্ড জয় তোলে সহজেই। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এটি টানা দ্বিতীয় হার। আগেরটি ছিল ওয়ানডেতে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। তৃতীয়টিতে তারা হেরেছে। কানপুরে আজ প্রথম টি-টোয়েন্টির উইকেটে কিছুটা ঘাস ছিল। তারপরও এটি ব্যাটিং সহায়ক উইকেটই ছিল, কিন্তু ভারতের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারেননি।
লোকেশ রাহুল আর কোহলি দ্রুত ফিরে গেলে ঘুরে দাঁড়ান সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। কিন্তু রায়নার ২৬ বলে ৩৪ ও ধোনির ২৭ বলে ৩৬ রানের ইনিংসের পরও দেড় শ ছুঁতে পারেনি স্বাগতিক ভারত। সূত্র: ক্রিকইনফো।