অধিনায়ক কোহলির সাফল্য কামনায় সৌরভ
নেতৃত্ব নিয়ে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিরাট কোহলির তুলনা চলে না। সৌরভ ভারতের অন্যতম সফল অধিনায়ক। আর অধিনায়ক হিসেবে কোহলির শুরু মাত্রই গত বছর। তবু কোহলির মধ্যে নিজের একটা মিল খুঁজে পাচ্ছেন সৌরভ।
যে নিবেদন আর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটি অনুজ কোহলির মধ্যে দেখছেন। তা-ই সাবেক অধিনায়কের বিশ্বাস, অধিনায়ক হিসেবে অর্জনে একদিন হয়তো তাঁকেও ছাড়িয়ে যাবেন কোহলি, ‘আমি কোহলির বড় ভক্ত। সে এমন অধিনায়ক, যে জয়ের জন্য খেলে। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। কোহলির মনোভাব এবং আগ্রাসনটাও পছন্দ আমার। সে কখনো জেতে কখনো বা হেরে যায়। কিন্তু সে জয়ের জন্যই খেলে সব সময়। এটা আমাদের সবার জন্যই গর্বের যে সে এমন অনুরাগের সঙ্গে দলকে নেতৃত্ব দিচ্ছে। অধিনায়ক হিসেবে আমি যা করেছি, আমি চাই আমার চেয়েও ভালো করুক কোহলি।’
সৌরভের নেতৃত্বেই বলতে গেলে বিদেশের মাটিতে সিরিজ জয়ের শুরু ভারতের। তাই তাঁকে ছাড়িয়ে যেতে হলে বিদেশের মাটিতেও বড় দলের বিপক্ষে জিততে হবে কোহলিকে। ভারতের বর্তমান টেস্ট অধিনায়কের জন্য এটাকেই বড় চ্যালেঞ্জ মনে করেন সৌরভ, ‘বিদেশ সফরই তার মূল চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা পরীক্ষা নেবে তার নেতৃত্বের।’
আপাতত ঘরের আঙিনায় দক্ষিণ আফ্রিকা। সফরে স্বাগতিকদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ানডে ও চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। আসন্ন সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন সৌরভ। এনডিটিভি।