অধিনায়ক ধোনির শেষের শুরু?

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কি তিনিই? তা নির্ধারণের দায়ভার ইতিহাসের। তিনি তো ইতিহাস নন, বর্তমান। কিন্তু এই বর্তমান আর কত দিন? অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কি শেষের শুরুটা করেই দিলেন?
কাল জিম্বাবুয়ে সফরের আগে সংবাদ সম্মেলন করলেন ধোনি। তা সব সফরেই দেশ ছাড়ার আগে এমন সংবাদ সম্মেলন হয়। কিন্তু কালকেরটি ঠিক রুটিন সংবাদ সম্মেলন হলো না। বেশ কিছুদিন ধরে তাঁর সংবাদ সম্মেলনে অবধারিত প্রশ্ন হয়ে থাকা সেই প্রশ্নটি আরও একবার উঠল। এবারও ধোনি রসিকতার ছলে উত্তর দিলেন। কিন্তু তাতেও যেন অন্য সুর।
৩৫-এর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ধোনির কাঁধে ২০১৯ বিশ্বকাপের নেতৃত্ব দেখছে না ভারত। টেস্ট অধিনায়ক বিরাট কোহলির কাছে পুরো দায়িত্ব তুলে দেওয়ার এটাই সময়, এই মন্তব্য আগে অনেকে করে থাকলেও এবার করেছেন খোদ রবি শাস্ত্রী। শাস্ত্রী দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত কোচের পদ সামলেছেন। ভারতের স্থায়ী কোচ হওয়ার ব্যাপারে আবেদনও করেছেন। তাঁর মন্তব্যের ওজন তাই অন্য রকম।
শাস্ত্রী অবশ্য যুক্তিটা অন্যদিক দিয়ে দেখিয়েছেন। ভারত সামনে বেশির ভাগ সময় খেলবে টেস্ট। জিম্বাবুয়ের ‘অগুরুত্বপূর্ণ’ সিরিজটা বাদে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডে খেলবে হাতে গোনা কয়েকটি ম্যাচে। দলের ভবিষ্যৎ, খেলোয়াড়দের ওপর অধিনায়কের নিয়ন্ত্রণ, এসব প্রশ্নে কোহলির কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়।
কিন্তু ধোনি নিজে কী মনে করেন? ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক আপাতত দূর ভবিষ্যতে চোখ রাখতেই নারাজ, ‘খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আপনি আপনার দেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন। এটাই আপাতত সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার জন্য। নিজের ক্যারিয়ারে যা কিছু অর্জন করছেন, তার চেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেছেন, এটাই সবচেয়ে বড় প্রেরণা হিসেবে কাজ করে।’
বয়সের বাস্তবতা ধোনিও বোঝেন। কিন্তু তাঁর বক্তব্য, নিজের অবস্থা তাঁর চেয়ে ভালো আর কেউ তো বুঝবে না, ‘সেটি (দেশকে প্রতিনিধিত্ব করা) পেতে হলে আমাকে ফিট থাকতে হবে। আমার ৩৫ চলছে এখন। আমি সেই দিনটা জানি, যে দিনটায় আমি আগের মতো দ্রুত দৌড়াতে পারি না। আমি জানি রানগুলো কোথা থেকে আসছে। ফর্ম তো ওঠানামা করবেই, এটা নিয়ন্ত্রণের সুযোগ আমার নেই। তবে ফিটনেস ধরে রাখার সুযোগ আছে, এটাই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার কাছে ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখন পর্যন্ত ফিটনেসটা ভালোই মনে হচ্ছে।’
শাস্ত্রী অবশ্য খেলোয়াড় ধোনিকে এখনো দলে রাখার পক্ষে। কিন্তু যেহেতু ভারতের সামনে ওয়ানডে বা টি-টোয়েন্টি আছেই খুব কম, এই দীর্ঘ বিরতি ধোনির জন্য সামলানো কঠিন হবে। তাই কোহলিকে অধিনায়ক করে দিয়ে ধোনিকে চাপমুক্ত হয়ে নিজের খেলাটা খেলতে দেওয়া হোক।
ধোনি কি তা-ই চান? ‘এমন তো নয় আমি আমার খেলা উপভোগ করছি না। তবে এই সিদ্ধান্তটি নেওয়ার ভার বিসিসিআইয়ের, আমি তো আর সিদ্ধান্ত নিতে পারি না কে অধিনায়ক থাকবে কি থাকবে না।’
ধোনি আপাতত ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চান। পরের বিশ্বকাপ, সে তো অনেক দূর। বলছেন, ‘বাস্তবতা হলো আমরা খুব বেশি ওয়ানডে ক্রিকেট খেলব না। এই সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজ, আর পাঁচটা কি সাতটা ম্যাচ আছে। এই মৌসুমে আমার অনেক বেশি টেস্ট খেলব। তাই প্রতিটি ওয়ানডে ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দলের জন্য কোনটা সবচেয়ে ভালো আমরা সেটাই দেখব।’