নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ এখন মেলবোর্নে কোয়ারেন্টিন করছেন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে না খেলেই দেশে ফিরেছেন তিনি। অন্যদিকে এখন ঢাকায় নেমেই কোয়ারেন্টিনে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল। তবে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বটা করবেন কে, সেটি এখনো নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। কথা ছিল হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে দুই নির্বাচক ট্রেভর হনস ও জর্জ বেইলির আলোচনার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এরই মধ্যে জানা গেল, নির্বাচক প্যানেলের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হনস। আগস্ট পর্যন্ত মেয়াদ ছিল তাঁর, এরপর আর তিনি চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার পুরুষ দলের নির্বাচকের দায়িত্বে হনসের এটি দ্বিতীয় মেয়াদ। ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রথম দফা দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই লেগস্পিনার। সে সময় দুটি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া, গড়েছিল টানা টেস্ট জেতার রেকর্ডও। তবে ২০০৫ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ার ‘ঐতিহাসিক’ হারের পর সরে দাঁড়ান ১৯৮৯ সালে অ্যাশেজজয়ী এ সাবেক ক্রিকেটার।
এরপর আবারও ২০১৪ সালে নির্বাচক হিসেবে দায়িত্ব নেন হনস। এরপর আবার ২০১৬ সালে। শুরুতে ২০১৭ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব ছিল তাঁর। এরপর সেই দায়িত্বের মেয়াদ বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর আবারও দায়িত্বের মেয়াদ বাড়ানো হয় তাঁর। তবে এবারই শেষ বলে দিচ্ছেন ৬৮ বছর বয়সী। তিনি সরে যাওয়ার পর প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে পারেন বেইলি। নির্বাচক প্যানেলের অন্য সদস্য ল্যাঙ্গার।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। তিন দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে যোগ দেবে তারা। এমনিতে টি-টোয়েন্টিতে ফিঞ্চের সহকারী ম্যাথু ওয়েড। তবে ফিঞ্চের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতিয়েছিলেন অ্যালেক্স ক্যারি।
ল্যাঙ্গার এর আগে বলেছিলেন, অধিনায়ক নির্বাচকের প্রক্রিয়ায় ‘ধারাবাহিক’ থাকতে চান তাঁরা। এর আগে ফিঞ্চের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়কত্ব করেছিলেন ওয়েড। মেলবোর্ন থেকে ফিঞ্চ জানিয়েছেন, বাংলাদেশেও ওয়েড দায়িত্ব পালন করবেন বলেই ‘প্রত্যাশা’ তাঁর।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ৩ আগস্ট। এই প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে দুই দল।