অধিনায়ককে নিয়ে নির্ভার নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক রাজু রিজলের ‘বয়স-বিতর্কে’ ভালোই অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিল নেপাল দল। একটা সংশয় জেগেছিল অধিনায়কের খেলা নিয়েও। তবে বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দলটিকে একটা স্বস্তির খবর দিল আইসিসি। রিজলের বয়স-বিতর্কের অবসান টেনে তাঁকে খেলার সবুজসংকেত দেওয়া হয়েছে।
বিতর্কের শুরু ফেসবুকের একটি পোস্টে। মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে খেলা ক্রিকেটার কৌস্তভ পাওয়ার অভিযোগ করেন, রিজল নিজের নাম আর বয়স দুটিই গোপন করে এই বিশ্বকাপে নেপালের হয়ে খেলছেন। এই রিজল নাকি একসময় মুম্বাইয়ের বয়সভিত্তিক দলে ‘রাজ শর্মা’ নামে তাঁর সঙ্গে খেলেছেন। সেই অনুযায়ী রিজলের বয়স হওয়ার কথা ২৫ বছর!
বিষয়টি নিয়ে রিজল কিংবা নেপাল পরিষ্কার কোনো তথ্য না দেওয়ায় বিভ্রান্তি আরও বাড়ে। তবে বয়সের প্রমাণ হিসেবে যেসব দলিল দেওয়া হয়েছে নেপালের পক্ষ থেকে, তাতে আইসিসি সন্তুষ্ট। এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘নেপালের ক্রিকেট সংস্থার (সিএএন) প্রধান নির্বাহীর সঙ্গে আইসিসির কথা হয়েছে। কথা হয়েছে সংশ্লিষ্ট খেলোয়াড় ও নেপালের টিম ম্যানেজারের সঙ্গে। সিএএন যেসব কাগজপত্র এই টুর্নামেন্ট শুরুর আগে জমা দিয়েছে, সেগুলো পর্যালোচনা করা হয়েছে। এই কাগজপত্রের মধ্যে আছে ওই খেলোয়াড়টির পাসপোর্ট এবং নেপাল সরকারের সত্যায়িত জন্মসনদ, একই সঙ্গে আছে বয়সের হলফনামা।’
সেই সনদ অনুযায়ী রিজলের অফিশিয়াল জন্মতারিখ ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর। আইসিসি জানিয়েছে, ১৯৯৬ সালের ১ সেপ্টেম্বরে কিংবা এর পরে জন্ম নেওয়া ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে পারবেন। এখন পর্যন্ত আইসিসির কাছে এমন কোনো প্রমাণও নেই যে নেপাল সরকার বা কর্তৃপক্ষের ইস্যু করা জন্মসনদ, পাসপোর্ট যথাযথ নয়। এ ব্যাপারে নতুন কোনো তথ্য না আসা পর্যন্ত বিষয়টির এখানেই ইতি টানছে আইসিসি।