অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন কুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

একটা সিরিজ কীভাবে সবকিছু বদলে দিল! অ্যাশেজ জিতে ইংল্যান্ডে এখন যুদ্ধজয়ী বীরের মর্যাদা পাচ্ছেন অ্যালিস্টার কুক, প্রশংসা ও সংবর্ধনার ফুল তো আছেই। অথচ অ্যাশেজের আগের অবস্থাটা চিন্তা করুন। নিজের ফর্ম, অধিনায়কত্বের ধরন, দলের বাজে পারফরম্যান্স—একের পর এক সমালোচনা ভেসে আসছিল চারদিক থেকে। গত বছর ডিসেম্বরে হারিয়েছেন ওয়ানডে অধিনায়কত্বও। সব মিলিয়ে এমনই দমবন্ধ এক পরিবেশ ছিল যে, বছরের শুরুর দিকে অধিনায়কত্বই ছেড়ে দেওয়ার চিন্তা করেছিলেন কুক!
গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টের সময়ই নিজের অবস্থান নিয়ে নিজেকে প্রশ্ন করেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। তবে তখনকার ইংলিশ কোচ পিটার মুরস তাঁকে চালিয়ে যেতে রাজি করিয়েছিলেন। সানডে টাইমস-এর কাছে ব্যাপারটি খুলেই বলেছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান, ‘অ্যান্টিগায় কোনো কারণ ছাড়াই একটা অনিশ্চয়তা ঘিরে ধরেছিল। চিন্তা করছিলাম, এই সফরে দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতম লোকটি আমিই কি না?’
ওয়ানডে অধিনায়কত্ব হারানোটাই ছিল তাঁর সংশয়ের মূলে, ‘সম্ভবত ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে যা হয়েছিল তার প্রভাবই পড়েছিল আমার ওপর। ভুল হোক বা ঠিক, ওটা বেশ কষ্ট দিয়েছে এবং আমার জন্য সেটা সহ্য করা বেশ কঠিন ছিল।’
তবে অ্যাশেজ জয়ের পর সবকিছুই বদলে গেছে। ওভালে জয়ের পরিকল্পনা আঁটতেই সব মনোযোগ নিবদ্ধ করেছেন ইংল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ডকে যে আরও অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। সানডে টাইমস।