অধিনায়কত্ব ছাড়লেন আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য অন্য কেউ থাকলে ভালো
দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য অন্য কেউ থাকলে ভালো

ব্যাট হাতে ফর্মটা খারাপ যাচ্ছিল। দলও ভালো করছিল না। অধিনায়কত্বের চাপে কি ব্যাটিংটাই ভুলে যেতে বসেছেন আমলা—চারদিকে নানা গুঞ্জন, ফিসফাস। কেপটাউন টেস্টে ডাবল সেঞ্চুরি করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আমলা। কিন্তু চমকটা তিনি জমিয়েই রেখেছিলেন, আর সেটি দেখালেন টেস্টটা শেষ হওয়ার পরই। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আমলা।
প্রোটিয়া অধিনায়ক হিসেবে সময়টা খুব একটা ভালো কাটেনি তাঁর। কাল অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সময় সেই কথাটাই বললেন, ‘আমার ধারণা, এ কাজটা অন্য কেউ আমার চেয়ে ভালো করবে। আমার মনে হয়েছে, তরুণ এ দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য অন্য কেউ থাকলে ভালো হবে। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না, কিন্তু আমাকে নিজের কাছে সৎ থাকতে হতো। আমি আমার এই সিদ্ধান্তে খুশি। এই দায়িত্ব পেয়ে গর্বিত ছিলাম। সুযোগটা আমাকে দেওয়ায় আমি খুশিই হয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছে, নিজের খেলার দিকেই এখন মনোযোগ দেওয়াটা জরুরি।’
সিরিজের বাকি দুই টেস্টের জন্য এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্তটা পছন্দ হয়েছে আমলারও, ‘আমি দলের বেশ কয়েকজনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তাই ওদের জন্য এটা চমক ছিল না। আর এবি দুর্দান্ত এক অধিনায়ক।’ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাতও আমলার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন, ‘আমলার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি আমরা। সে ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নিয়েছে। সে যেভাবে এটি আমাদের জানিয়েছে, সেটি তার ব্যক্তিত্বেরও পরিচায়ক।’ এএফপি।