মহেন্দ্র সিং ধোনির চোট ২০১৪ সালে হঠাৎ করেই ভারতের টেস্ট অধিনায়ক বানিয়ে দেয় বিরাট কোহলিকে। ভারতীয় ব্যাটসম্যান উপলক্ষটা স্মরণীয় করে রাখেন জোড়া সেঞ্চুরি করে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ঘটনা সেটি। টেস্ট ক্রিকেট থেকে ধোনির হঠাৎ অবসরের পর সিরিজের শেষ টেস্টে আবার অধিনায়ক কোহলি। এবার প্রথম ইনিংসে সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে প্রথম তিন ইনিংসেই সেঞ্চুরি পাওয়া একমাত্র ব্যাটসম্যান কোহলি। সেই কোহলি পরশু অধিনায়ক হিসেবে পেরিয়ে গেলেন ১ হাজার রানের মাইলফলক। ১১ ম্যাচের ১৮ ইনিংসে হাজার পেরোলেন অধিনায়ক কোহলি। অধিনায়ক হিসেবে ধোনিও ১৮ ইনিংসে ছুঁয়েছিলেন চার অঙ্ক। ১৪ ইনিংসে ১ হাজার রান করে ভারতের অধিনায়কদের মধ্যে ধোনি ও কোহলির ওপরে আছেন একমাত্র সুনীল গাভাস্কার। আরও অনেক রেকর্ডের মতো অধিনায়ক হিসেবে দ্রুততম হাজার রানের রেকর্ডটাও স্যার ডন ব্র্যাডম্যানের (১১ ইনিংস)।
টেস্ট অধিনায়কের দ্রুততম ১০০০
ম্যাচ ইনিংস
ডন ব্র্যাডম্যান ৬ ১১
অ্যালিস্টার কুক ৭ ১৪
ওয়ালি হ্যামন্ড ৯ ১৪
সুনীল গাভাস্কার ১০ ১৪
গ্রেগ চ্যাপেল ৮ ১৫
স্টিভেন স্মিথ ৮ ১৫
গ্রাহাম গুচ ৮ ১৫