অধিনায়কেরা যখন অলরাউন্ডার

পয়েন্ট তালিকায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ রাউন্ডের আগেও বোঝা যাচ্ছিল না সুপার লিগের শেষ দুই দল কারা। একই চিত্র ব্যাট-বলের লড়াইয়েও। খেলোয়াড়দের মধ্যে চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে আলাদাভাবে নজর কাড়ছে আরও একটি বিষয়—অধিনায়কদের অলরাউন্ড পারফরম্যান্স।
ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুললেন মাশরাফি বিন মুর্তজা। কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক ৫১ বলে করেছেন ১০৪ রান। ব্যাটিংয়ে চমক তো ছিলই, প্রিমিয়ার লিগে নিজের মূল ভূমিকা বোলিংয়েও ধারাবাহিক আলো ছড়িয়েছেন মাশরাফি। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে দুই ম্যাচ বাকি থাকতে বোলারদের তালিকায় কলাবাগান অধিনায়ক ছিলেন ২ নম্বরে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে দুর্দান্ত বোলার হিসেবেই আবির্ভূত হয়েছিলেন মাহমুদউল্লাহ। প্রাইম ব্যাংকের ৫০তম ওভারে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন শেখ জামাল অধিনায়ক। সেটি না হলেও ম্যাচে পান ৫ উইকেট। বোলিংয়ের এই ধার তিনি ধরে রাখলেন পরের ম্যাচগুলোতেও। ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে মাহমুদউল্লাহ বোলারদের তালিকায় আছেন ২ নম্বরে। আর ব্যাটিংয়ে ধারাবাহিক তো ছিলেনই। ১১ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪৯.৭০ গড়ে রান করেছেন ৪৯৭।
ব্যাটিং-বোলিংয়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন ব্রাদার্স অধিনায়ক তুষার ইমরানও। ১০ ম্যাচে ৫ হাফ সেঞ্চুরি ৫৩.৫৫ গড়ে করেছেন ৪৮২ রান। টুকটাক বোলিং তুষার আগেও করেছেন। কিন্তু এবারের প্রিমিয়ার লিগে বল হাতে নিয়েছেন নিয়মিতই। ১০ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। বিকেএসপিতে তাঁর দুর্দান্ত বোলিংয়ে গাজী গ্রুপ গুটিয়ে গিয়েছিল ১৬৭ রানে। যদিও ওই রানটা তাড়া করে জিততে পারেননি তুষাররা।
লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মোশাররফ হোসেনও ব্যাটিং-বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। ৯ ম্যাচে তাঁর রান ২৫৮, উইকেট ১১টি। মোশাররফের ৮১ রানের অসাধারণ ইনিংসটির সুবাদে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জ পেয়েছিল ৬ উইকেটের জয়। ভিক্টোরিয়ার সঙ্গে ৩১৪ রান তাড়া করতে নেমে জয় সমতুল্য যে টাই করেছিল রূপগঞ্জ, তাতেও বিরাট অবদান ছিল তাঁর। মোশাররফ করেছিলেন ৮৮ রান।

দলের পারফরম্যান্স ভালো না হলেও কলাবাগান ক্রিকেট একাডেমির অধিনায়ক মাহমুদুল হাসানও দেখিয়েছেন অলরাউন্ড নৈপুণ্যে। ১১ ম্যাচে ৩১৯ রানের পাশাপাশি ১১ উইকেট। অসাধারণ এক সেঞ্চুরি করে ফতুল্লায় একাই হারিয়ে দিয়েছিলেন আবাহনীকে।
ঘরোয়া ক্রিকেট অধিনায়কদের এমন পারফরম্যান্স বেশ আশাবাদী করছে মাশরাফিকে, ‘এটা নিজের ও দলের জন্য ভালো। মাহমুদউল্লাহর পারফরম্যান্স তো অসাধারণ! সামনের সিরিজ বা টুর্নামেন্টে নিশ্চয়ই এটি কাজে দেবে। অধিনায়কদের খেলা দেখে অনুপ্রাণিত হচ্ছে তরুণ খেলোয়াড়েরাও।’
তুষারের ক্ষেত্রে অবশ্য কিছুটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। লিগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্সের অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফীস। ওই ম্যাচে হারের পর অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় তুষারের কাঁধে। অধিনায়কত্ব পেয়েই যেন অলরাউন্ড-সত্তা জেগে উঠেছে তাঁর, ‘ব্যাটিংয়ে সব সময়ই ভালো করার চেষ্টা করি। তবে এবারের প্রিমিয়ার লিগে বোলিংটাও খুব উপভোগ করছি। অধিনায়কত্ব করায় পরিস্থিতি বুঝে নিজের মতো বোলিং করতে পারছি। তবে আমি চাই দলের নিয়মিত বোলাররাও ভালো বোলিং করুক।’