অনন্য, অসাধারণ সিকান্দার রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩তম ব্যাটসম্যান হিসেবে সাত নম্বরে নে​মে ওয়ানডে সেঞ্চুরি হাঁকালেন সিকান্দার রাজা। ছবি: এএফপি।
১৩তম ব্যাটসম্যান হিসেবে সাত নম্বরে নে​মে ওয়ানডে সেঞ্চুরি হাঁকালেন সিকান্দার রাজা। ছবি: এএফপি।

ব্রেন্ডন টেলর নেই। কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেটে এই মুহূর্তে আছেন একজন সিকান্দার রাজা। খুব বেশি দিন হয়নি তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। কিন্তু এরই মধ্যে তিনি পরিণত হয়েছেন জিম্বাবুইয়ান ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে। রাজা আজ নিজের গুরুত্বটা বোঝালেন দারুণভাবেই। সাত নম্বরে নেমে তাঁর অসাধারণ এক সেঞ্চুরিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখরক্ষা হয়েছে জিম্বাবুয়ের। ১৪৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলা দলটি নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে তুলেছে ৯ উইকেটে ২৩৫ রান।
সিকান্দার রাজার ১০০ রানের অপরাজিত ইনিংসটি এসেছে ৯৫ বলে। ৫টি চার ও ৪টি ছয়ের মারে সাজানো এই ইনিংস আক্ষরিক অর্থেই মোড় ঘুরিয়ে দেওয়া। তিনাশে পানিয়াঙ্গারাকে রাজা ধন্যবাদ দিতেই পারেন। নবম উইকেটে তাঁর সঙ্গে ৮৯ রানের জুটিটি কিন্তু মনে রাখার মতোই। পানিয়াঙ্গারার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ৩৯ বলের এই ইনিংসে পানিয়াঙ্গারা বাউন্ডারি মেরেছেন ৪ টি।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা একেবারেই জিম্বাবুয়ের ছিল বেশ বাজেই। দলীয় ৩ রানে সাজঘরে ফিরেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। এরপর দ্বিতীয় উইকেটে ৪২ রান এলেও এর পরপরই শুরু হয় যাওয়া-আসার মিছিল। ৪২ / ১ থেকে জিম্বাবুয়ে পরিণত হয় ৬৮ /৫-এ। আগের ম্যাচের ‘হিরো’ ক্রেইগ অরভিন আউট হন ১২ রানে, শন উইলিয়ামস ফেরেন ২৬ রানে। আউট হওয়ার আগে উইলিয়ামসন অবশ্য ষষ্ঠ উইকেট জুটিতে সিকান্দার রাজার সঙ্গে যোগ করেছিলেন মূল্যবান ৬০টি রান।
১৪৬ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর দলের স্কোর দুইশ পেরিয়ে যাওয়ার স্বপ্নটা একটু বাড়াবাড়িই। কিন্তু সেটাই বাস্তবায়ন করে দেখিয়েছেন সিকান্দার রাজা আর পানিয়াঙ্গারা। তাদের ৮৯ রানের জুটিটি আসে ৮২ বলে। নিজের ওয়ানডে ক্যারিয়ারের হাজার রানের মাইলফলক অতিক্রমের দিনে রাজা স্থায়ী হলেন ইতিহাসেও। একদিনের ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৩ তম ব্যাটসম্যান হিসেবে তিনি সেঞ্চুরি হাঁকালেন সাত-এ ব্যাট করতে নেমে।
দেখা যাক, রাজার এই কীর্তি জিম্বাবুয়ের আরও একটি গৌরবের জয়ের নিয়ামক হয় কিনা!