অনন্য, অসামান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল
তামিম ইকবাল

বিকেল সোয়া চারটায় খুলনা থেকে বাস ছেড়ে গেল যশোর বিমানবন্দরের উদ্দেশে। যশোর থেকে ঢাকা হয়ে কাল রাতেই চট্টগ্রামে পৌঁছে গেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। তার আগে খুলনায় কালকের দিনটা ক্রিকেটারেরা কাটালেন ছুটির আমেজে।
তবে এমন নয় যে, সারা দিন সবাই হোটেলেই ছিলেন। দুপুর ১২টার দিকে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক ও তাইজুল ইসলাম গেলেন রূপসা নদীর তীরে একটা চিংড়ি প্রক্রিয়াজাত কারখানা দেখতে। হোটেলে ফেরার পথে প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলামের কবর জিয়ারত করলেন। দেখা করে এলেন মানজারুলের মায়ের সঙ্গেও। বাকি ক্রিকেটারেরা দুপুরে গিয়েছিলেন বিসিবির পরিচালক শেখ সোহেলের বাসায় মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ রক্ষা করতে।
ছুটির দিনে খুলনা দেখতে বের হয়েছিলেন জিম্বাবুয়ের খেলোয়াড়েরাও। হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার ও ক্রেইগ আরভিন রূপসা নদীতে নৌ বিহার করেছেন। বাকিদের কেউ কেউ বের হয়েছেন কেনাকাটা করতে। নৌ বিহারে যাওয়ার আগে টিম হোটেলের লবিতে কথা হচ্ছিল মাসাকাদজার সঙ্গে। প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ফিফটি করেও দলকে জেতাতে না পারায় হতাশ তিনি। সে হতাশা প্রকাশ করতে গিয়ে সাকিব আল হাসানকেই টেনে আনলেন আগে, ‘এই টেস্টে ব্যাটিং-বোলিং দুটোতেই অসাধারণ ছিল সাকিব। আবারও নিজেকে বিশ্বমানের ক্রিকেটার হিসেবে প্রমাণ করল ও।’
সাকিব টেস্টে সেরা অল রাউন্ডারের জায়গা ফিরে পেয়েছেন পরশু ম্যাচ শেষ হওয়ার পরই। মাসাকাদজার স্বীকৃতিটা বাড়তি পাওনা। কিন্তু প্রতিপক্ষের ক্রিকেটারদের চোখে যিনি বিশ্বমানের, তাঁর অবস্থান বাংলাদেশ দলের সতীর্থদের চোখে কোথায়? যাঁদের সঙ্গে ক্রিকেট খেলে বড় হয়েছেন, তাঁদের চোখে সাকিব কেমন?

শাহাদাত হোসেন
শাহাদাত হোসেন

বিকেএসপিতে সাকিবের ঠিক ওপরের ক্লাসে পড়তেন শামসুর রহমান। বাংলাদেশ দলের এই ওপেনার নাকি সাকিবের মধ্যে তখনই দেখেছেন ভালো কিছু করার তাড়না, ‘আমরা যখন ওদের সঙ্গে বিকেএসপিতে ম্যাচ খেলতাম, ওই সময় থেকেই ও সব সময় নিজের সেরাটা দিত। ওর মধ্যে সব সময় ভালো কিছু করার, এক্সট্রা অর্ডিনারি কিছু করার প্রবণতা দেখেছি, এখনো দেখি।’ তবে শামসুর রহমান কখনো ভাবেননি, ওই ছোট্ট সাকিবই একদিন বিশ্ব ক্রিকেটের এত উঁচু আসনে বসে যাবেন।
তামিম ইকবালের মধ্যে অবশ্য বিশ্বাসটা ছিল। ব্যাটিং-বোলিং দুটোতেই সাকিবের মতো পারদর্শী ক্রিকেটার দ্বিতীয়টি দেখেননি বাঁহাতি এই ওপেনার। তাঁর সবচেয়ে পছন্দ সাকিবের বোলিং, ‘ওকে যখন থেকে চিনি, ওর বোলিংটাই সব সময় আমার খুব পছন্দ। তবে ব্যাটিংয়েও সে খুব নিখুঁত। ওর জন্য এটা আল্লাহর দেওয়া একটা উপহার।’
এমন ‘উপহার’ অনেকেই পান। কজন কাজে লাগাতে পারেন! সাকিবের সঙ্গে অন্যদের পার্থক্যটা এখানেই দেখেন তামিম, ‘শুধু উপহার পেলেই তো হবে না, সদ্ব্যবহারও করতে হবে। সে তা করছে। আমি নিশ্চিত সাকিব আরও অনেক বড় কিছু করবে। এটা সেই বড় কিছুরই শুরু মাত্র।’ কিন্তু সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে একটা প্রতিজ্ঞা যে ভেঙে ফেললেন তামিম! না, সংবাদমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্তে এখনো অটল তিনি। সে জন্যই নিজের সেঞ্চুরি বা সিরিজ জয় নিয়ে কোনো কথা বললেন না। শুধু সাকিব প্রসঙ্গ তোলাতেই মুখ খুললেন একটু।
তামিম বিকেএসপিতে ছিলেন না। তবে শামসুর, মুশফিক আর সাকিবের মতো বর্তমান বাংলাদেশ দলে বিকেএসপি থেকে আসা খেলোয়াড় আছেন আরও তিনজন—শাহাদাত হোসেন, মুমিনুল হক ও এনামুল হক (বিজয়)। সাকিব এঁদের কারও আদর্শ, কারও গর্ব।

এনামুল হক
এনামুল হক

শাহাদাত যেমন পঞ্চমুখ সাকিবের প্রশংসায়, ‘আমাদের ব্যাচের সেরা ব্যাটসম্যান ছিল ও। কাল (পরশু) আমি সাকিবকে বলেছি, তোর রেকর্ড বাংলাদেশের কেউ ভাঙতে পারবে না। সাকিব একজনই। আর একজন সাকিব আর আসবে না।’
বিকেএসপির ‘বড় ভাই’ সাকিব ছিলেন এনামুলের আদর্শ, ‘আমি যখন ওনাকে প্রথম দেখি তখন থেকেই উনি ভালো অল রাউন্ডার। এখনো তাই। স্বপ্ন দেখতাম ওনার মতো ক্রিকেটার হব।’ পরশু রাতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে গিয়েও দেননি এনামুল। স্ট্যাটাসটা ছিল, ‘সাকিব ভাইয়ের মতো টিমমেট পেয়ে আমি গর্বিত।’ তাঁর মনের দেয়ালে লেখা আছে, ‘সাকিব ভাইকে ছোট বেলা থেকেই অনেক বড় খেলোয়াড় মনে হতো। তাঁর সঙ্গে একই দলে খেলাটা ভাগ্যের ব্যাপার।’
প্রথম দেখা থেকেই সাকিবের ভক্ত বিকেএসপির আরেক ছাত্র মুমিনুলও, ‘ওনার খেলা আমার প্রথম থেকেই ভালো লাগত। বিকেএসপিতে থাকতে ভালো লাগত, এখনো লাগে।’ তবে মুমিনুলের কাছে সাকিব কেবলই একজন ক্রিকেটার, ‘ওনার চালচলনে বুঝতাম না যে উনি এত বড় খেলোয়াড় হবেন। সত্যি বলতে, আমার এখনো মনে হয় না উনি এত বড় খেলোয়াড়। আমার কাছে ওনাকে তেমন কিছুই মনে হয় না।’
ভাবুন একবার, এক টেস্টে সেঞ্চুরি আর ১০ উইকেট নেওয়া ক্রিকেটারও নাকি তেমন কিছু না! বিস্ময়ের এখানেই শেষ নয়। মুমিনুল বলতে লাগলেন, ‘আমি ওনাকে প্রায়ই বলি, আমার কাছে আপনার বোলিং ভালো লাগে না। ব্যাটিং ভালো লাগে। আপনার বোলিং অত ভালো না।’ শুনে নিশ্চয়ই রাগ করেন সাকিব। মুমিনুল সংশোধনী দিলেন, ‘না, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এসব নিয়ে কখনো কিছু বলেন না।’
সাকিব যে উচ্চতায় পৌঁছালেন, প্রিয় সতীর্থদের এ রকম ছোটখাটো সমালোচনা বড় হয়ে ওঠার কথাও নয় তাঁর কাছে।