অনন্য এক অর্জনের সামনে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিং-বোলিংয়ে ভালো করতে আগে চাই ফিটনেস। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেটিরই সাধনায়  সাকিব আল হাসান  l প্রথম আলো
ব্যাটিং-বোলিংয়ে ভালো করতে আগে চাই ফিটনেস। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেটিরই সাধনায় সাকিব আল হাসান l প্রথম আলো

ম্যাচের আগের দিন এমনিতে নেটে বোলিং-টোলিং করেন না সাকিব আল হাসান। করলেন না কালও। তবে বেশ কিছুক্ষণ ব্যাটিং করলেন কাল। এটাও খুব নিয়মিত দৃশ্য নয়। মিরপুর টেস্টের আগের দিন ছিল দলের ঐচ্ছিক অনুশীলন, সাকিব ছিলেনই না। পরদিন মাঠে নেমে ঠিকই নিয়েছিলেন ৬ উইকেট। কালকের অনুশীলনও ছিল ঐচ্ছিক। ব্যাটিং করা ছাড়া খুব বেশি সময় মাঠে দেখা যায়নি সাকিবকে। তবু সব জায়গাতেই যেন তিনিই!
দুদলের সংবাদ সম্মেলনের বড় অংশজুড়ে সাকিব। দুদলের ড্রেসিংরুমেও নিশ্চিত সবচেয়ে বেশি আলোচনা তাঁকে নিয়েই। ৩-০ না ২-১, সিরিজের এই সমীকরণের সম্ভাব্য নিয়ন্তাও যেন তিনি। বাংলাদেশের সম্ভাবনা আর জিম্বাবুয়ের শঙ্কায় তিনি। প্রাপ্তিতে তিনি, এমনকি হাতছানিতেও তিনি!
খুলনা টেস্টে অসাধারণ অলরাউন্ড কীর্তিতে তোলপাড় ফেলে দিয়েছেন রেকর্ড বইয়ে। এবার আরও একটি দারুণ কীর্তির হাতছানি সাকিবের সামনে। খুলনায় সেঞ্চুরি ও ১০ উইকেট কীর্তিতে সাকিব নাম লিখিয়েছেন ইমরান-বোথামের পাশে, সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট একাধিকবার নিয়ে বসেছেন আরও চারজনের পাশে। কিন্তু চট্টগ্রামে এমন একটা কীর্তির হাতছানি সাকিবের সামনে, যা করতে পারেননি ক্রিকেট ইতিহাসে আর কেউ। তিন ম্যাচ টেস্ট সিরিজে ২৫০ রান আর ২০ উইকেট! প্রথম দুই টেস্ট শেষে সাকিবের রান ১৬৩, উইকেট ১৭টি। আরেকটি ইতিহাস গড়তে আজ শুরু টেস্টে সাকিবের চাই দুই ইনিংস মিলিয়ে ৮৭ রান আর বল হাতে ৩ উইকেট।
শুধু তিন ম্যাচ কেন, চার ম্যাচ সিরিজেই ব্যাটে-বলে এমন ধারাবাহিকতা দেখাতে পেরেছেন ক্রিকেট ইতিহাসে মাত্র একজন। ১৯৮৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩০১ রান করেছিলেন রিচার্ড হ্যাডলি, উইকেট নিয়েছিলেন ২১টি। সীমানাটা যদি ছড়িয়ে দেওয়া হয় পাঁচ বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে, তাহলে অবশ্য আরও ২১ বার হয়েছে এই কীর্তি। সবার ওপরে থাকবে ১৮৯৪-৯৫ অ্যাশেজে জর্জ গিফেনের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স। ৫ টেস্টে সেবার ৪৭৫ রান করেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, উইকেট নিয়েছিলেন ৩৪টি। সমান্তরালেই রাখতে পারেন দক্ষিণ আফ্রিকার অব্রে ফকনারকে। ১৯১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৪৫ রান করার পাশাপাশি এই লেগ স্পিনিং অলরাউন্ডার উইকেট নিয়েছিলেন ২৯টি। ১৯৮১ অ্যাশেজে ইয়ান বোথামের ৩৯৯ রান ও ৩৪ উইকেট, ১৯৫৭-৫৮ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় রিচি বেনোর ৩২৯ রান ও ৩০ উইকেট, ১৯৬৬ সালে ইংল্যান্ডে গ্যারি সোবার্সের ৭২২ রান ও ২০ উইকেট। কপিল দেব, কিথ মিলার, টনি গ্রেগ, জ্যাক গ্রেগরিদেরও আছে এমন কীর্তি।
কিন্তু একজন সাকিবের তো পাঁচ টেস্ট খেলার সুযোগ নেই। ক্যারিয়ারে কখনোই সেই সুযোগ পাবেন বলে মনে হয় না। তিন টেস্ট সিরিজই তো খেলছেন মাত্র দ্বিতীয়বার। প্রথমবার, ২০০৭ সালে শ্রীলঙ্কায় সাকিব তখনো সাকিব হয়ে ওঠেননি। খেলতে পেরেছিলেন মাত্র একটিই টেস্ট। এবার ক্যারিয়ারে প্রথম এক সিরিজে তিন টেস্ট খেলার সুযোগ পেয়েই ২৫০ রান ও ২০ উইকেট কীর্তির খুব কাছাকাছি। এর আগে যেটির কাছাকাছি যেতে পেরেছিলেন শুধু অস্ট্রেলিয়ার মিচেল জনসন। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অলরাউন্ড সম্ভাবনা জানান দেওয়ার সেই সিরিজে জনসন রান করেছিলেন ২৫৫, উইকেট ছিল ১৬টি।
মানদণ্ড যদি ধরা হয় ২০০ রান ও ১৫ উইকেট, তিন টেস্টের সিরিজে সেটিও করতে পেরেছেন জনসন ছাড়া আর মাত্র চারজন—ইমরান খান (২১২ রান ও ২১ উইকেট), ইয়ান বোথাম (২১২ রান ও ১৭ উইকেট), জ্যাক গ্রেগরি (২০৫ রান ও ১৫ উইকেট) ও ইন্তিখাব আলম (২০২ রান ও ১৫ উইকেট)।
অলরাউন্ড পারফরম্যান্সের সুনির্দিষ্ট মানদণ্ড বেঁধে দেওয়া অবশ্য কঠিন। কারও হয়তো ৩০০ রান আর ১৫ উইকেট, কারও আবার ২০০ রান, ২৫ উইকেট—এর একটিকে এগিয়ে বা পিছিয়ে রাখবেন কীভাবে! তবে তিন টেস্টের সিরিজে ২৫০ রান আর ২০ উইকেট যেকোনো বিচারেই অসাধারণ এক অলরাউন্ড পারফরম্যান্স। ক্রিকেট ইতিহাসে কেউ পারেনি, এটাই বলে দিচ্ছে কাজটি কত কঠিন।
সেই ‘কঠিন’-ই এখন হাতছানি দিয়ে ডাকছে সাকিবকে!