অনন্য রেকর্ডের সামনে যুবা অধিনায়ক মিরাজ

২০১৩ সালের আগস্টে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই দলে ছিলেন মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, মোসাদ্দেক হোসেনের মতো বেশ কজন ‘সিনিয়র’ খেলোয়াড়; যারা পরে সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলেও। তবে বাকিদের বয়স বিবেচনায় সেই সিনিয়র কেউ নন, ওই সিরিজে বাংলাদেশ যুবাদের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল তখনকার ১৫ বছর বয়সী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
গত তিন বছর ধরে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের ভারটা মিরাজের কাঁধেই। বয়সভিত্তিক ক্রিকেটে একই দলে দীর্ঘ দিন অধিনায়কত্ব করা কঠিনই। খেলোয়াড়েরা হয় দারুণ পারফরম্যান্সে দ্রুতই জায়গা করে নেন ‘এ’ কিংবা জাতীয় দলে। কেউবা বয়স পেরিয়ে যাওয়ায় বয়সভিত্তিক এই দলটায় আর খেলার যোগ্যতা রাখেন না। সে ক্ষেত্রে ব্যতিক্রম মিরাজ। কেবল খেলছেনই না; সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সাফল্য এনে দিচ্ছেন।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। মিরাজ আবারও সুযোগ পাচ্ছেন ২৭ জানুয়ারি থেকে ঘরের মাঠে শুরু হওয়া যুব বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করার। আর তাতে অনন্য এক রেকর্ডের হাতছানি যুবা অধিনায়কের সামনে। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে মিরাজ হবেন প্রথম খেলোয়াড়, টানা দ্বিতীয়বার অধিনায়কের ভূমিকায় যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
জিম্বাবুয়ে বাদে এরই মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে নয়টি দল। বাংলাদেশ বাদে আর কোনো দলের খেলোয়াড়ের অভিজ্ঞতা নেই টানা দুই বিশ্বকাপে অধিনায়কত্ব করার। জিম্বাবুয়ের দল ঘোষণা হলেও এ ক্ষেত্রে মিরাজের রেকর্ড গড়তে কোনো বাধা নেই। আগের বিশ্বকাপে জিম্বাবুয়েকে যে দুজন নেতৃত্ব দিয়েছিলেন, তারা এ বিশ্বকাপে খেলবেন না নিশ্চিত। কারণ, তাঁদের বয়স ১৯ পেরিয়েছে।
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি অধিনায়কত্ব করেছেন অস্ট্রেলিয়ার জিওফ পার্কার ও পাকিস্তানের জহুর এলাহী। দুজনই অধিনায়কত্ব করেছেন ৯টি করে ম্যাচে। তবে ‘ছোট’দের বিশ্বকাপে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছেন নেপালের বিনোদ দাস। ২০০০ ও ২০০২ বিশ্বকাপে মোট ১৩টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন বিনোদ।
এখনো পর্যন্ত বিশ্বকাপে মিরাজ খেলেছেন ৬ ম্যাচ। এবার অন্যদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশ যুব অধিনায়কের সামনে। প্রাথমিক পর্বে তিনটি ম্যাচ তো আছেই, প্লেট কিংবা কাপ দুটির একটির ফাইনালে গেলে বাড়বে আরও তিনটি ম্যাচ।
নিজের সঞ্চিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘরের মাঠে এ বিশ্বকাপে দারুণ কিছু করার লক্ষ্য মিরাজের, ‘যেহেতু অভিজ্ঞতা আছে আগের বিশ্বকাপ খেলার, এটা দলের সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। সবাইকে বলছি, অন্য সিরিজ-টুর্নামেন্টের সঙ্গে বিশ্বকাপের অনেক পার্থক্য। সিরিজে ভুল করলে ফিরে আসার সুযোগ থাকে। বিশ্বকাপে থাকে না। এটা বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট। এখানে পরিবেশটাই থাকে অন্যরকম। দলের সবাইকে বলি, এখানে খুব স্বাভাবিকভাবে থাকতে হবে। তাহলে ভালো করা যাবে।’
অভিজ্ঞ অধিনায়কের কথা নিশ্চয় বুঝতে পারছেন সতীর্থরা।