ওয়েলিংটনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি ছিল অনফিল্ড আম্পায়ার হিসেবে বিলি বাউডেনের ২০০তম ওয়ানডে। ওয়ানডে ইতিহাসে তাঁর চেয়ে বেশি ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন শুধু একজন—দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্তজেন। সব মিলিয়ে ২০৯টি ওয়ানডেতে আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়িয়েছেন তিনি। টেস্টে অবশ্য সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনারের (১২৮টি ম্যাচ), তবে এখানেও তারঁ পরের নামটি কোয়ের্তজেন (১০৪)। টি-টোয়েন্টিতে এই রেকর্ডটা আবার পাকিস্তানের আলিম দারের। এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার ছিলেন দার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ডটাও রুডি কোয়ের্তজেনের (৩৩১টি ম্যাচ)। সব মিলিয়ে তিন শতাধিক ম্যাচে আম্পায়ারিং করেছেন কোয়ের্তজেন ছাড়া আরও তিনজন—আলিম দার (৩১৪), স্টিভ বাকনার (৩০৯) ও বিলি বাউডেন (৩০৮)। এঁদের মধ্যে দার ও বাউডেন এখনো আম্পায়ারিং করছেন, তবে বাকনার ও কোয়ের্তজেন অবসর নিয়েছেন বেশ আগেই।