মদের নেশা ছেড়ে দেওয়াতেই এত রান ওয়ার্নারের!

প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টে তো আরেকটু বাড়তি—প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি! প্রায় এক বছর আর টানা ১৪ ইনিংসে সেঞ্চুরি দেখেনি যাঁর ব্যাট, সেই তিনি এই ইনিংসে কত করেছেন দেখুন: ১৬৩, ১১৬ আর ২৫৩। এই সিরিজে ডেভিড ওয়ার্নারের গড় ১৭৭!
কিন্তু কী এই রহস্য তাঁর বদলে যাওয়ার? ছোট্ট এবং সংক্ষিপ্ত উত্তর: মদের নেশা ছেড়ে দেওয়া!
শুধু নিজের ক্যারিয়ারের জন্য নয়, দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছিলেন বলেই নিজেই ঠিক করেন, জীবনটা আরও গোছানো প্রয়োজন। আর সেই সিদ্ধান্ত থেকে নিজের ওপরই মদ্যপানে নিষেধাজ্ঞা আরোপ করেন। ওয়ার্নার মনে করেন, এটা তাঁকে সাহায্য করেছে ভীষণভাবে। ওয়ার্নার মনে করেন, প্রবল ইচ্ছাশক্তিতে মানুষের পক্ষে যেকোনো নেশার জাল থেকেই বের হয়ে আসা সম্ভব।
এবিসি রেডিওকে বলেছেন, ‘এটা ছিল অনেকটা নিজেই নিজেকে চ্যালেঞ্জ জানানোর মতো, দেখি তো, আমার স্ত্রী যত দিন সন্তানসম্ভবা থাকবে, ওর একটা দিনও আমি অ্যালকোহল ছাড়া থাকতে পারি কি না।’ এর পর অবশ্য মজা করে বলেছেন, ‘এখন পর্যন্ত তো নিজের কথা রাখতে পেরেছি। তবে মনে হচ্ছে এই ম্যাচের পর একটা চুমুক হলেও দিতে হবে!’
ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। সাত মাসের গর্ভাবস্থা চলছে। এই সময়টায় ক্যান্ডিস অনাগত সন্তানের স্বাস্থ্যের কথা ভেবে বড় কোনো উৎসব হলেও এক ফোঁটা অ্যালকোহল নেবেন না। ওয়ার্নার মনে করেন, একজন মা যদি এতটা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে পারে, বাবা কেন পারবে না? স্ত্রীর প্রতি সংহতি জানাতেই তাই তাঁরও এই প্রতিজ্ঞা।
চ্যালেঞ্জে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই উতরে যাচ্ছেন ওয়ার্নার। পারফরম্যান্সই বলছে সে কথা। গত অ্যাশেজ থেকে মদ ছুঁয়ে দেখেননি। অ্যাশেজের আগপর্যন্ত ৩৮ টেস্টে ৪৬.৮২ গড়ে করেছেন ৩২৩১ রান। অ্যাশেজের পর এখন পর্যন্ত ৭ টেস্টে প্রায় ৮০ গড়ে করেছেন ৯৫০ রান! ক্যারিয়ার গড়টা চলে গেছে ৫০ পেরিয়ে। ক্যারিয়ারে ১৫ সেঞ্চুরির ৩টিই এসেছে এ সময়ে। এর একটি আবার ডাবল, ওয়ার্নারের ক্যারিয়ারেরই প্রথম। এই চলতি টেস্টের দ্বিতীয় দিনে আজ ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৩ রান করেছেন।
আজকের ইনিংসটা তাঁকে অনেকগুলো অর্জনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কারের পর এই প্রথম কোনো ওপেনার টানা তিন ইনিংসে সেঞ্চুরি করলেন। অবশ্য গাভাস্কারের এমন কীর্তি আছে দুইবার। ১৯৭১ এ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, আট বছর পর পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিলিয়ে আবার। তথ্যসূত্র: ক্রিকইনফো।