২৫ ওয়ানডে, ৮ টেস্ট, ৭টি টি-টোয়েন্টি। সব মিলিয়ে ৪০ ম্যাচ। ১৯৯৯ বিশ্বকাপের পর তিন ধরনের ক্রিকেটে পাকিস্তানের কাছে টানা ৪০ ম্যাচ হেরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাসে অন্য কোনো দল নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের কাছে টানা এত ম্যাচ হারেনি। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে বাংলাদেশের সবচেয়ে কাছে অবস্থান জিম্বাবুয়ের। প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার কাছে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর থেকে গত বিশ্বকাপ পর্যন্ত টানা ৩২ ম্যাচে হেরেছে জিম্বাবুইয়ানরা। ১৯৮৩ থেকে ২০০৪ সালের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে টানা ২৫ ম্যাচ হেরে তালিকার তিনেও জিম্বাবুয়ে। এই ২৫ হারের আগে দুই দলের প্রথম লড়াইয়ে জিতেছিল জিম্বাবুয়েই। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি জয়হীন কেটেছে নিউজিল্যান্ডের। ১৯৩০ থেকে ১৯৭৫ সালের মধ্যে টানা ৫২ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারেনি কিউইরা। এ সময়ে ইংল্যান্ডের কাছে ৫২ ম্যাচের ২৫টিতে হারলেও, ২৪টিতে ড্র করেছিল নিউজিল্যান্ড।