কোহলি এবার ভারতের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার নন!

সফরের মাঝপথে দেশে ফিরেছেন কোহলি।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতৃত্ব কিংবা মাতৃত্ব বুঝি একেই বলে। দুনিয়ার সব মোহ, লালসাকে মানুষ তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে নিজের সন্তানের জন্য। বিরাট কোহলির কথাই ধরুন। জানা গেছে, নিজের অনাগত সন্তানের জন্য আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন কোহলি। কিন্তু হাজার হোক, নিজের সাত রাজার ধন আসছে। এখন কি আর এসব ঠুনকো বিষয়াদির চিন্তা করলে চলে? কোহলিও তাই নিজের সন্তানের প্রথম মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য অর্থবিত্তের লোভ ঠেলেছেন দুপায়ে।

ভারতীয় দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলে সবচেয়ে বেশি আয় সাধারণত কোহলিই করে থাকেন। জাতীয় দলের অধিনায়ক তিনি, তর্কযোগ্যভাবে বিশ্বের শ্রেষ্ঠতম ব্যাটসম্যানও বটে। তিনি আয়ের তালিকার শীর্ষে থাকবেন না, তো কে থাকবেন? কিন্তু এবার সেটা হয়নি। আর হয়নি যে, সেটা কোহলির অনাগত সন্তানের জন্যই। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করেছেন পেস তারকা যশপ্রীত বুমরা। আয়ের দিক দিয়ে কোহলিকে পেছনে ফেলেছেন তিনি।

প্রথম সন্তানের অপেক্ষায় আছেন দুজন।
ছবি: টুইটার

গোটা বছরে ভারতের হয়ে চার টেস্ট, নয় ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের এই পেসার, যা তাঁকে এনে দিয়েছে ১ কোটি ৩৮ লাখ রুপি। ওদিকে বুমরার সমান ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি বেশি খেললেও কোহলি বুমরার চেয়ে একটি টেস্ট কম খেলেছেন। আর এই এক টেস্ট না খেলারই মাশুল দিতে হয়েছে ভারতের নিয়মিত অধিনায়ককে। ১ কোটি ২৯ লাখ রুপি আয় করেছেন কোহলি।

সন্তান জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে চেয়েছেন, ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বক্সিং ডে টেস্টটা খেলা হচ্ছে না কোহলির। এ বছরে এটাই ভারতের সর্বশেষ টেস্ট। খেললে অনায়াসেই আয়ের দিক দিয়ে এ বছরও অন্য যে কাউকে ছাড়িয়ে যেতেন কোহলি। সন্তান ও স্ত্রীর পাশে থাকার জন্য ৯ লাখ রুপিকে দূরে ঠেলে দিয়েছেন কোহলি। পরিবার যে সবার আগে!

এ বছর একটি টেস্ট কম খেলেছেন কোহলি।
ছবি: টুইটার

বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতি টেস্ট খেলার জন্য ১৫ লাখ টাকা করে পান কোহলিরা। প্রতি ওয়ানডে খেলার জন্য ছয় লাখ, ও প্রতি টি-টোয়েন্টি খেলার জন্য তিন লাখ টাকা ঢোকে কোহলিদের পকেটে। বলা বাহুল্য, এর সঙ্গে কোহলিদের বার্ষিক চুক্তির টাকার সম্পর্ক নেই। ওই টাকা আলাদা। মেলবোর্ন টেস্টটা খেললে অনায়াসে আরও ১৫ লাখ টাকা পকেটে পুরতে পারতেন কোহলি। তখন বছরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাবদ কোহলির আয় হতো ১ কোটি ৪৪ লাখ রুপি, বুমরার চেয়ে ৬ লাখ রুপি বেশি। কিন্তু সেটা হয়নি। কোহলিকে ছাড়াই মেলবোর্নে খেলতে নেমেছে ভারত, তাঁর জায়গায় দলের নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা রাহানে।

৯৬ লাখ রুপি আয় করে তালিকায় তৃতীয় স্থানে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে তালিকার শীর্ষ পাঁচে জায়গা হয়নি রোহিত শর্মার। এমনিতেই টেস্ট তেমন খেলতে পারেন না, এবার রোহিত ওয়ানডে আর টি-টোয়েন্টিও খেলেছেন যথাক্রমে ৩ ও ৪টি। ফলে তাঁর আয় ৩০ লাখ রুপি পেরোতে পারেনি।