অনাথ ক্রিকেটারদের খুঁজবে আফগানিস্তান

অনাথ ক্রিকেটারদের খুঁজে বের করার কর্মসূচির ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেধা অন্বেষণ’ বা প্রতিভা খুঁজে বের করার কর্মসূচি ক্রিকেটে নতুন নয় মোটেও। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যেও ক্রিকেট ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ নেওয়া হয় বিভিন্ন সময়ে। অবশ্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যা করছে, সেটি একটু ভিন্ন রকমই। দেশজুড়ে অনাথ ও মেধাবী ক্রিকেটার খুঁজে বের করার ঘোষণা দিয়েছে তারা।

এমনিতে আফগানিস্তানে ক্রিকেটের উত্থানের গল্পটা এখন পুরোনোই। এখনকার ক্রিকেটারদের বেশির ভাগই এসেছেন একসময়ের শরণার্থীশিবির থেকে। ‘সুবিধাবঞ্চিত’ কথাটা তাঁদের চেয়ে ভালো আর কার সঙ্গেই-বা যায়! এসিবি পরবর্তী রশিদ খানদের খুঁজে নিতে এবার ভিন্ন এক পদক্ষেপই নিল।

অনাথ ক্রিকেটারদের খুঁজে বের করার এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘হান্ট ফর অরফানস’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, অনাথ ও মেধাবী সুবিধাবঞ্চিত ক্রিকেটার খুঁজে বের করে তাঁদের জাতীয় একাডেমিতে অন্তর্ভুক্ত করা হবে।

পুরো দেশ থেকে এমন প্রতিভা খুঁজবে এসিবি। শুরুতে প্রতিটি প্রদেশের একাডেমিতে ট্রায়ালের আয়োজন করা হবে। সেখান থেকে সেরা ক্রিকেটারদের বাছাই করে এ কর্মসূচির পরবর্তী ধাপে নেওয়া হবে।

সে ধাপে সেরা ক্রিকেটারদের বাছাই করে কাবুলে জাতীয় একাডেমিতে আমন্ত্রণ জানানো হবে। সেখানে জাতীয় কোচদের অধীন অনুশীলনের সুযোগ করে দেওয়া হবে তাঁদের। প্রতিটি প্রদেশের একাডেমিতে সুযোগ পাবেন ২০ ক্রিকেটার। অবশ্য সবার বয়সই ১৮-এর নিচে হতে হবে।

এসিবি পরবর্তী রশিদ খানদের খুঁজে নিতে ভিন্ন এক পদক্ষেপই নিল।
ছবি: শামসুল হক

শুধু একাডেমিতে অনুশীলনের সুযোগ নয়, এ সময়ে যাঁরা ‘অসাধারণ সামর্থ্য’ দেখাতে পারবেন, তাঁদের ভবিষ্যতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পেও ডাকবে এসিবি। সেখান থেকে সুযোগ থাকবে বয়সভিত্তিক দলে ঢোকার। এ ছাড়া হাই পারফরম্যান্স প্রোগ্রামেও তাঁদের অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে। প্রথমে এ কর্মসূচি শুরু হবে আফগানিস্তানের ১৪টি প্রদেশে। ধাপে ধাপে অন্য প্রদেশেও এটি চালু করা হবে বলে জানিয়েছে এসিবি।

এমন কর্মসূচির পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করে এসিবির প্রধান নির্বাহী নসীব খান বলেছেন, ‘ক্রিকেট খেলার স্বপ্ন দেখে কিন্তু সুবিধাবঞ্চিত, এমন অনেক ক্রিকেটার আছে। বিরূপ আর্থিক পরিস্থিতিতে হয়তো খেলা ছেড়ে দিয়েছে। এ কারণে এসিবি এসব ক্রিকেটারকে খুঁজে বের করার পদক্ষেপ নিচ্ছে। কোনোভাবে যদি ক্রিকেটের স্বপ্নটা তাদের পূরণ হয়, তাতে সমর্থন দেবে এসিবি।’ বেসরকারি সেক্টর, স্কুল, বিশ্ববিদ্যালয়গুলোকেও অনাথদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এসিবির প্রধান নির্বাহী।

যুদ্ধবিধস্ত আফগানিস্তানের ক্ষমতা সম্প্রতি আবার দখল করে নিয়েছে তালেবান। এরপর ক্রিকেট প্রশাসনেও এসেছে অনেক রদবদল।