আইসিসির নিয়ম অনুযায়ী এক দেশের ক্রিকেটার আরেক দেশের ঘরোয়া টুর্নামেন্টে খেললে তাঁকে নিজ দেশের বোর্ড থেকে অবশ্যই অনাপত্তিপত্র নিতে হয়। কিন্তু বিসিবির প্রথম শ্রেণির চুক্তিতে থাকার পরও কোনো অনাপত্তিপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘বাংলাদেশ টাইগার্স একাদশ’ দলের হয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরী। একই দলে খেলছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার তাপস বৈশ্য ও শাকের আহমেদ।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বীকার করেছেন, ওই টুর্নামেন্টে খেলতে তাদের কাছ থেকে কোনো অনাপত্তিপত্র নেননি ওই ক্রিকেটারদের কেউই। এ মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠেয় বোর্ড সভায় আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
একই টুর্নামেন্টে একই দলের হয়ে খেলছেন বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আশরাফুলকে প্রথমে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট ও ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করেন। আশরাফুলের আপিলের পরিপ্রেক্ষিতে পরে কমে আসে শাস্তি। দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।
একজন নিষিদ্ধ ক্রিকেটারের সঙ্গে একই দলে, একই টুর্নামেন্টে বিসিবির নিবন্ধনভুক্ত কোনো ক্রিকেটার খেলতে পারেন কি না, মিশিগানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট তুলে দিয়েছে সেই প্রশ্নও। ‘টুর্নামেন্টটা বিসিবি বা আইসিসির আওতাধীন নয়’ বলে বিষয়টা প্রথমে এড়িয়ে যেতে চাইলেন নিজাম উদ্দিন চৌধুরী। পরে অবশ্য বলেছেন, ‘বিসিবির নির্দেশনা দেখেই এ ব্যাপারে মন্তব্য করতে হবে। তবে এ রকম ঘটনা যেহেতু এখন নিয়মিতই ঘটছে, ব্যাপারটা আমরা গুরুত্ব দিয়ে দেখব।’
মিশিগানের টুর্নামেন্টের আগে গত মাসে ঢাকায় হওয়া একটি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে আশরাফুলের সঙ্গে খেলেছেন জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার। সাবেক ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ আবার সম্পৃক্ত বিসিবির সঙ্গেও।
আশরাফুলের শাস্তি কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের অক্টোবরে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে বিসিবি। এর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলেও সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি বিসিবির প্রধান নির্বাহী।