অনায়াস জয়ে শুরু অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২১ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টেনে তুলেছিলেন এউইন মরগান। পরে অবশ্য অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের ১২৭ রানের ইনিংস ম্লান করে দিয়েছে ইংল্যান্ড অধিনায়ককে l এএফপি
১২১ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টেনে তুলেছিলেন এউইন মরগান। পরে অবশ্য অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের ১২৭ রানের ইনিংস ম্লান করে দিয়েছে ইংল্যান্ড অধিনায়ককে l এএফপি

ম্যাচের শুরুটায় কাল ক্রেইগ ম্যাকডারমট কি ক্ষণিকের জন্য ফিরে গেলেন ২৩ বছর আগে?
১৯৯২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টের প্রথম বৈধ বলেই ম্যাকডারমট ফিরিয়েছিলেন নিউজিল্যান্ডের জন রাইটকে। সেই ম্যাকডারমট এখন অস্ট্রেলিয়ার বোলিং কোচ, ছাত্রদের একজন তাঁকে ফিরিয়ে নিয়ে গেলেন সেই সময়টায়। টুর্নামেন্টের প্রথম বল, মিচেল স্টার্ক যে বলটি করলেন সেটি তৃপ্তি দিত ওয়াসিম আকরামকেও। পিচ করে ভেতরে ঢোকা বলের জবাব জানা ছিল না ইয়ান বেলের। এক বল পর আরেকটি ভেতরে ঢোকা বল, এবার এলবিডব্লু জেমস টেলর!
প্রথম ওভারে ২ উইকেট নিয়ে ইংলিশদের নাড়িয়ে দিলেন স্টার্ক, শেষে দুটি নিয়ে দিলেন মুড়ে। মাঝের সময়টুকুতে অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে এউইন মরগানের লড়াই। তাতে জিতলেন মরগান। নিয়মিত নেতৃত্বের অভিষেকেই উপহার দিলেন অসাধারণ এক সেঞ্চুরি। কিন্তু একা লড়ে কি সব সময় দলকে জেতানো যায়? মরগানের ১২১ রানের পরও ইংল্যান্ড ২৩৪। ডেভিড ওয়ার্নারের ঝোড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া তা টপকে গেল অনায়াসেই। খেলা দেখে না থাকলে মাত্র ৩ উইকেটের জয় দেখে বিভ্রান্ত হতে পারেন। খামখেয়ালিপনা আর বোনাস পয়েন্টের পেছনে ছুটে ৩-৪ উইকেট বেশি হারিয়েছে অস্ট্রেলিয়া। বোনাস পয়েন্টের জন্য জিততে হতো ৪০ ওভারের মধ্যে। কাঙ্ক্ষিত সেই বোনাসও পেয়েছেন জর্জ বেইলিরা।
অস্ট্রেলিয়া কাল বিশ্রামে রেখেছিল মিচেল জনসনকে, ইংল্যান্ড জেমস অ্যান্ডারসনকে। স্টার্কের সঙ্গে সিডনির ব্যাটিং উইকেটেও নতুন বলে দুর্দান্ত ছিলেন প্যাট কামিন্স। পরে দারুণ বোলিং করেছেন জেমস ফকনারও। ৩৩ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড, ৬৯ রানে ৫টি। সেখান থেকে জস বাটলারের সঙ্গে ষষ্ঠ উইকেটে মরগানের জুটি ৬৭ রানের, অষ্টম উইকেটে ক্রিস জর্ডানকে নিয়ে ৫৬। অ্যালিস্টার কুককে সরিয়ে মরগানকে দায়িত্ব দেওয়া হয়েছে বটে। তবে রান পাওয়ার চাপে ছিলেন মরগানও, সবশেষ ১৯ ইনিংসে ছিল শুধু একটি ফিফটি। তবে নেতৃত্ব পেয়েই ফিরলেন স্বরূপে। এর আগে বিভিন্ন সময় ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন যে আট ম্যাচে, ব্যাটিং-গড় ছিল ৭৪। কাল ফিফটি ছুঁয়েছেন ৮৮ বলে, পরের ৭১ করেছেন ৪৮ বলে! দলের রান তাতে ভদ্রস্থ হয়েছে, কিন্তু চ্যালেঞ্জিং নয়। বিশেষ করে যদি ছন্দে থাকেন ওয়ার্নার!
টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ওয়ার্নারের ওয়ানডে রেকর্ড একটু বিবর্ণ। আগের ৫০ ম্যাচে দুটি সেঞ্চুরি ছিল, সেটাও সেই ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই ম্যাচে। কাল তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি ছুঁলেন ৯৭ বলে। ১৮ চারে শেষ পর্যন্ত ১১৫ বলে ১২৭। বড় রান পাননি আর কেউ, সেটির প্রয়োজনও হয়নি! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৭.৫ ওভারে ২৩৪ (বেল ০, মঈন ২২, টেলর ০, রুট ৫, মরগান ১২১, বোপারা ১৩, বাটলার ২৮, ওকস ৮, জর্ডান ১৭, ব্রড ০*, জর্ডান ০, স্টার্ক ৪/৪২, ফকনার ৩/৪৭, কামিন্স ১/৪২, ম্যাক্সওয়েল ১/৩৭, ডোহার্টি ১/৩৮)।
অস্ট্রেলিয়া: ৩৯.৫ ওভারে ২৩৫/৭ (ওয়ার্নার ১২৭, ফিঞ্চ ১৫, ওয়াটসন ১৬, স্মিথ ৩৭, বেইলি ১০, ম্যাক্সওয়েল ০, হাডিন ১৬, ফকনার ৬*, স্টার্ক ০*, ওকস ৪/৪২, জর্ডান ১/৩৩, মঈন ১/৪৫)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেেট জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্টার্ক।