অনিকের নাচে দল বাঁচে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যানের আউট হওয়া নিশ্চিত হতেই শুরু হলো অনিকের নাচ। ছবি: শামসুল হক
ব্যাটসম্যানের আউট হওয়া নিশ্চিত হতেই শুরু হলো অনিকের নাচ। ছবি: শামসুল হক

নাজমুল ইসলামের সাপের নাচ তো দেখেছেনই। আজ দেখা গেল কাজী অনিকের নাচ! রাজশাহী কিংসের বাঁহাতি পেসার একেকটা উইকেট নেন আর দুই হাত দুলিয়ে নাচেন! নাজমুলেরটা গত বিপিএল থেকে দেখা যাচ্ছে। বিপিএলে অনিকের নাচ আজই প্রথম। তাঁর টি-টোয়েন্টি অভিষেক যে এ ম্যাচ দিয়ে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত সদস্য। কদিন আগে মালয়েশিয়ায় যুব এশিয়া কাপ খেলে এসেছেন। বিপিএলে প্রথমবারের মতো ম্যাচ খেলার সুযোগ পেয়েই তোপ দাগলেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার। পরিকল্পনা ছিল যতটা কম রান দেওয়া যায়। সেটি তো দিয়েছেনই। ৪ উইকেট নিয়ে স্মরণীয় করে রেখেছেন নিজের টি-টোয়েন্টি অভিষেক।
প্রতিপক্ষ চিটাগং ভাইকিংসের একেকটা উইকেট নিয়েছেন আর নেচে উঠেছেন! অনিক জানালেন, নাচটা তিনি নতুন দিচ্ছেন না। অনূর্ধ্ব-১৯ দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারলেই দেখা যায় নাচটা। তাঁর নাচ যত বাড়ে, দল ততই এগিয়ে যায় জয়ের দিকে। সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মুখে অনিক বললেন, এটি তাঁদের দলীয় নৃত্যে পরিণত হয়েছে, ‘এটা অনূর্ধ্ব-১৯ দলেরই নাচ। এক সতীর্থের কাছ থেকে শিখেছি। এটা সব জায়গায় করি। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেলে নাচটা দিই। কদিন আগে হংকংয়ে সিক্স-এ-সাইড টুর্নামেন্ট খেলতে গিয়ে আমাদের পুরো দলই নাচটা দিয়েছে।’

উদ্‌যাপনের মাঝপথে অনিক। ছবি: প্রথম আলো
উদ্‌যাপনের মাঝপথে অনিক। ছবি: প্রথম আলো

মোস্তাফিজুর রহমান যে ম্যাচে দুর্দান্ত খেলেন, সে ম্যাচে সব আলো পড়ে তাঁর দিকেই। কিন্তু অনিক আজ ‘ফিজ’কেও ছাপিয়ে গেছেন। যদিও ম্যাচসেরার পুরস্কারটা তাঁর হাতে ওঠেনি। পেয়েছেন ২৫ বলে ৪০ রান করা ড্যারেন স্যামি। তবে রাজশাহী অধিনায়ক বড় এক উপহারই দিয়েছেন অনিককে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে ম্যাচের বল নিজ হাতে তুলে দিয়েছেন অনিককে।
‘ও আমাকে নেট থেকে পছন্দ করছে। একটা বোলারকে দেখলে বুঝতে পারে সে কী করতে চায়, না করতে চায়। ম্যাচে তেমন কিছু বলেনি। ম্যাচের পর বলছে, তুমি তোমার ভালো বোলিংটা করছ। সামনে সুযোগ পেলে এ বলগুলোই করে যাবে’—স্যামির কথায় প্রেরণা খুঁজে নিচ্ছেন অনিক।
সংবাদ সম্মেলন শেষে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, পথে তাঁকে কজন ঘিরে ধরলেন সেলফি তুলবেন বলে। হাসিমুখে সবার দাবি মেটালেন অনিক। দিনে দিনে মাঠেও নিশ্চয়ই তাঁর প্রতি ‘দাবি’ বাড়বে দলের। সেটি তিনি মেটাতে পারবেন নাকি আরও অনেকের মতো শুরুতেই ঝলক দেখিয়ে হারিয়ে যাবেন—নির্ভর করছে অনিকের ওপরই!

ব্যাটসম্যানকে সাক্ষী করেই চলছে অনিকের নাচ। ছবি: প্রথম আলো
ব্যাটসম্যানকে সাক্ষী করেই চলছে অনিকের নাচ। ছবি: প্রথম আলো