অনির্দিষ্টকালের ছুটিতে ক্লার্ক

অ্যাশেজ শেষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ককে আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেটে দেখার সম্ভাবনা তো ছিলই। কিন্তু সেই সম্ভাবনা অপ্রত্যাশিতভাবে নেমে এল শূন্যের কোঠায়। ক্লার্ক যে অনির্দিষ্টকালের জন্যই বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে, সরে দাঁড়িয়েছেন বিগ ব্যাশ টি-টোয়েন্টি থেকেও।
ক্লার্কের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল মেলবোর্ন স্টারসের। কাল চুক্তি বাতিলের ঘোষণা দিতে গিয়ে ক্লার্ক বলেছেন, ক্রিকেট-পরবর্তী জীবনের সঙ্গে মানিয়ে নিতেই এই সরে দাঁড়ানো, ‘এখন আমি মনে করছি ক্রিকেট থেকে কিছু সময় দূরে থাকা প্রয়োজন। আমার শরীর ও মন এমনটাই চাইছে। আমি আসলে ক্রিকেট ছাড়া জীবনটা কেমন সেটাই দেখতে চাচ্ছি।’ এএফপি, রয়টার্স।
সন্তানসম্ভবা স্ত্রী কাইলিকে নিয়ে এখন লন্ডনে অবসর কাটাচ্ছেন ক্লার্ক। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকাটাও বড় কারণ ক্লার্কের সরে দাঁড়ানোয়। বিরতি শেষে আবারও ফেরার সম্ভাবনা অবশ্য নাকচ করেননি ক্লার্ক।