অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রিমিয়ার লিগ

>প্রথমে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা ঢাকা প্রিমিয়ার লিগ এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে
করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্যই স্থগিত হয়ে গেল এটি। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে না।
ব্যাপারটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন, ‘প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে খেলা হবে। তবে যতক্ষণ পরিস্থিতি ভালো না হচ্ছে ততক্ষণ স্থগিত। ক্লাব গুলোকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’
আগামী জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের কারণে সিরিজটিও স্থগিত হয়ে গেছে। জানা গেছে, দেশের করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করার চেষ্টা করবে সিসিডিএম।
গত ১৫ মার্চ ঢাকা লিগ শুরু হয়েছিল।। করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়েই মাঠে গড়ায় দেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র লিস্ট ‘এ’ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা। ৬টি ম্যাচ হওয়ার পর ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে যায় বাকি খেলাগুলো।