অনিয়মের শেষ দেখে ছাড়বেন বিসিবি সভাপতি
>নতুন বছরে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে এলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। মাশরাফির সাংসদ হওয়া, ঘরোয়া ক্রিকেটে অনিয়ম দূর করতে বর্তমান বোর্ডের উদ্যোগ—নানা বিষয়ে কথা বললেন নাজমুল।

একজন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক, আরেকজন বিসিবি সভাপতি। মাশরাফি বিন মুর্তজা আর নাজমুল হোসেন এখন মিলে গেছেন এক বিন্দুতে—দুজনই আওয়ামী লীগের নির্বাচিত সাংসদ। মাশরাফির সাংসদ হওয়ায় বেশ রোমাঞ্চিত নাজমুল।
কেন রোমাঞ্চিত, নাজমুল সেটিই আজ ধানমন্ডিতে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদমাধ্যমকে বললেন, ‘এটি তো এক সাংঘাতিক ব্যাপার! আমার মনে হয় ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। আমার এটি জানা নেই বা কখনো শুনিনি যে একজন সংসদ সদস্য ক্রিকেট খেলছে মাঠে এবং অধিনায়কত্ব করছে। এটি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত। একটি জিনিস মনে রাখবেন যে মাশরাফি রাজনীতিতে এসেছে এবং সে অনেক বেশি সিরিয়াস। একটাই চিন্তা ওর মাথায়, সেটি হলো এলাকার কাজ। এলাকার মানুষের জন্য ও কিছু করতে চায়। আজও যতক্ষণ সে আমার সঙ্গে ছিল, একই কথা বলেছে যে পাপন ভাই আমার এটি লাগবে, ওটা লাগবে। আমি শুধু বলেছি সব হবে, আগে শপথ নিয়ে নাও, মন্ত্রী পরিষদ গঠন হোক, তুমি যা যা চাও সব হবে। সে এলাকায় কাজ করতে চায়।’
রাজনীতিতে জড়ালেও মাশরাফির ভাবনায় যে ক্রিকেটই প্রাধান্য পাচ্ছে সেটিও বললেন নাজমুল, ‘ওর মনের মধ্যে যে সব সময়ই ক্রিকেট আছে এতে কোনো সন্দেহ নেই। ও (নড়াইল) থেকে সরাসরি অনুশীলনে চলে এসেছে। বিপিএল শুরু হতে যাচ্ছে। নিজের খেলার প্রতি সম্পূর্ণ সিরিয়াস, এতটুকুও পরিবর্তন হয়নি। এর বড় প্রমাণ হচ্ছে, যখন আমরা নির্বাচনের মাঠে চলে গিয়েছি এবং এলাকায় কাজ করছি তখন কিন্তু সে খেলছিল এবং খেলার মধ্যে ছিল। ও অনেক দেরি করে (এলাকায়) গিয়েছে। এটাই প্রমাণ করে যে এখনো খেলাটিই তাঁর কাছে বেশি প্রাধান্য পায়।’ মাঠের চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে যেভাবে উতরে যান, বিসিবি সভাপতি আশাবাদী, মাশরাফি রাজনীতির মাঠেও সফল হবেন একইভাবে। নাজমুলের চোখে মাশরাফি হচ্ছেন, ‘সত্যিকারের এক যোদ্ধা।’
মাশরাফি চ্যালেঞ্জ উতরে গেলেও বর্তমান বোর্ড কি পারবে ঘরোয়া ক্রিকেটের অনিয়ম, সমস্যা, পক্ষপাতমূলক আম্পায়ারিং, ম্যাচ পাতানোর মতো মহামারি আকার ধারণ করা রোগ সারিয়ে তুলতে? তরুণ ক্রিকেটারদের জন্য বিষাক্ত হয়ে ওঠা পরিবেশটা স্বাভাবিক করতে? ঢাকার প্রথম, দ্বিতীয় বিভাগের ক্রিকেটে নানা অনিয়ম, ক্লাবগুলো ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা—এসব বন্ধে কী পদক্ষেপ নিচ্ছেন বিসিবি সভাপতি?
নতুন বছরের শুরুতে নাজমুল প্রতিশ্রুতি দিচ্ছেন, ঘরোয়া ক্রিকেটে অনিয়ম দূর করতে তিনি উদ্যোগ নেবেন, ‘একটা ছিল বিপিএল। প্রথম যখন আসি, বিপিএল নিয়ে ঝামেলা ছিল। সেটা দূর করার চেষ্টা করেছি, মোটামুটি হয়েছেও। প্রিমিয়ার লিগ নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু গতবার কোনো বিতর্ক হয়নি। ওটাও গেল। আমাদের এখন আরও নিচে যেতে হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে যাব, জেলায় জেলায় যেতে হবে। সব ঠিক করতে সময় লাগবে। আম্পায়ারিংয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। আম্পায়ারিং যদি ঠিক করতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর ক্লাবের ব্যাপার হলো, সবই আসলে ক্লাব থেকে এসেছে। সুতরাং স্বাভাবিকভাবে তাদের দাপট থাকে। বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে, আম্পায়ারিং সুষ্ঠু হয়, যদি আমি শক্ত থাকি বা ওরা যদি আমার কাছ থেকে সাহস পায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। শুধু আম্পায়ারিং নয়, আরও অনেক অভিযোগ আছে, খুব ভয়ংকর। যা দূর করা সহজ কাজ নয়। উন্নতি হচ্ছে, নিচের পর্যায়েও হবে। আরও তিন বছর যদি ক্রিকেটের সঙ্গে থাকি, তাহলে এর শেষ দেখে নেব। কোনো জায়গায় ছাড় দেওয়া হবে না।’