অনুজদের ধুয়ে দিলেন মঈন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ মঈন খান। ফাইল ছবি
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ মঈন খান। ফাইল ছবি
>পাকিস্তানি ক্রিকেটাররা সাবেক কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখে না, এমন অভিযোগ সাবেক ক্রিকেটার মঈন খানের।

নব্বই দশক ছিল পাকিস্তান ক্রিকেটের স্বর্ণযুগ। একের পর এক প্রতিভাবান পাকিস্তানি ক্রিকেটার পুরো বিশ্ব ক্রিকেট মাতিয়ে রাখেন। নব্বই দশকের সেই জৌলুশ এখনকার পাকিস্তান ক্রিকেটে খুঁজে পাওয়া মুশকিল। দুই যুগের ক্রিকেটারদের সামর্থ্যের পার্থক্য তো আছেই। তবে সাবেক পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান মনে করেন, বড় পার্থক্যটা মানসিকতায়।

১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মঈন বর্তমানে পিএসএল দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি আরেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের উপস্থাপনায় এক অনুষ্ঠানে নব্বই দশকের ক্রিকেটারদের সঙ্গে এখনকার পাকিস্তানি ক্রিকেটারদের তুলনা করেন মঈন, ‘সবাই আমাদের যুগের ক্রিকেটারদের প্রশংসা করে। সবাই জানতে চায়, কীভাবে আমরা এত ভালো খেলতাম। আমার মনে হয়, আমরা যাদের দেখে বড় হয়েছি, তাদের ছাড়িয়ে যেতে চাইতাম। নিজেদের মানদণ্ড তৈরি করতে চাইতাম। এখন সেটা দেখা যায় না।’

মঈনের অভিযোগ, নতুন পাকিস্তানি ক্রিকেটাররা সাবেকদের অর্জন স্পর্শ করার মানসিকতাই নাকি রাখে না। তিনি বলেছেন, ‘আমরা সিনিয়রদের ছাড়িয়ে যেতে চাইতাম। এখন ছেলেরা তাদের সতীর্থের থেকে ভালো করলেই সন্তুষ্ট থাকে। হয়তো শুধু নিজের জন্যই খেলে ওরা। এটা একটা কারণ হতে পারে।’

সাবেক সতীর্থের কথার সুর ধরেই ওয়াসিম বলেছেন, ‘আমি দলে যখন এসেছি, আমার লক্ষ্য ছিল ইমরান খান থেকে অন্তত একটা হলেও উইকেট বেশি নেওয়ার।’