অনুজদের পাশে মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং করার অনুমতি পেয়েছেন। কাল অনুশীলনেও তাই নিজের অফ স্পিনটা ঝালাই করে নিলেন মোহাম্মদ হাফিজ l প্রথম আলো
বোলিং করার অনুমতি পেয়েছেন। কাল অনুশীলনেও তাই নিজের অফ স্পিনটা ঝালাই করে নিলেন মোহাম্মদ হাফিজ l প্রথম আলো

ওয়ানডে সিরিজে তিনি নেই। বিশ্বকাপের পর রঙিন পোশাকে আর খেলবেন না বলে ঘোষণা দিয়েছিলেন আগেই। তবে টেস্ট সিরিজ খেলতে দু-এক দিনের মধ্যেই বাংলাদেশে আসছেন মিসবাহ-উল-হক।
দেশে বসেই দেখেছেন বাংলাদেশের কাছে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হার। শুনেছেন সাবেক পাকিস্তানি খেলোয়াড়দের কঠোর সমালোচনাও। দলের পারফরম্যান্সে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাঁরও। তবে সমালোচনার তির ছুড়ছেন না মিসবাহ। পাকিস্তানের টেস্ট অধিনায়ক বরং দুঃসময়ে দাঁড়িয়েছেন তরুণ দলের পাশে, ‘পাকিস্তানের এই দলটি একেবারেই নতুন। আমাদের উচিত এই দলটাকে আরও কিছু সময় দেওয়া।’
অবসরের আগে মিসবাহ নিজেও ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন দীর্ঘদিন। নতুন ওয়ানডে অধিনায়ক আজহার আলীর চাপটা তাই ভালোই বুঝতে পারছেন। রাতারাতি সবকিছু বদলের প্রত্যাশা না করে মিসবাহ চান নতুন অধিনায়ককে সময় দিতে, ‘আজহার মাত্র অধিনায়কত্ব নিল। ওকে অবশ্যই সময় দিতে হবে। অধিনায়কত্ব নিয়েই সবকিছু বদলে দেওয়া যায় না।’
বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর সাঈদ আজমল এই সিরিজে যেন নিজের ছায়া হয়েই আছেন। তবে মিসবাহ বলছেন, ‘আমরা হয়তো আগের আজমলকে শিগগিরই ফেরত পাব না। নতুন অ্যাকশনে মানিয়ে নিতে অবশ্যই আজমলের কিছু সময় লাগবে।’
তবে বাংলাদেশ দলের প্রশংসা করতেও ভোলেননি। যোগ্যতর দল হিসেবেই মাশরাফির দল সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে বলে মানেন মিসবাহ, ‘নিজেদের মাটিতে বাংলাদেশ সব সময়ই ভয়ংকর দল। সাম্প্রতিক সময়ে তারা যথেষ্ট উন্নতি করেছে।’ দ্য ডন।