অনুপ্রেরণা ম্যান্ডেলা
মুষ্টিবদ্ধ ডান হাত উঁচুতে তুলে ধরা। আরেক হাত দিয়ে ব্যাটখানাকে বুকে চেপে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে স্থির দাঁড়িয়ে জেসন হোল্ডার। ছবিটা উদ্যাপনের—সেঞ্চুরির, ম্যাচ বাঁচানোরও। টেস্ট ক্যারিয়ার তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেই প্রথম সেঞ্চুরি করে এমন ধীরস্থির উদ্যাপন হোল্ডারের।
অ্যান্টিগা টেস্টের শেষ দিনের একেবারে শেষ মুহূর্তে হোল্ডারের এই উদ্যাপনের দৃশ্যটা খুব চেনা চেনা লাগছিল? সেটি লাগাই স্বাভাবিক, হোল্ডার যে অনুকরণ করলেন নেলসন ম্যান্ডেলাকে। শান্তির বার্তা হিসেবে মুষ্টিবদ্ধ একটা হাত উঁচু করে ধরতেন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের মুক্তি-আন্দোলনের মহান নেতা।
উদ্যাপনের এই ভঙ্গিটা নাকি অনেক আগেই ঠিক করে রেখেছিলেন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়কের মুঠোফোনে ম্যান্ডেলার মুঠো উঁচু করে ধরা ছবিটি রাখা আছে। ম্যান্ডেলা-ভক্ত হোল্ডার চেয়েছিলেন সেঞ্চুরিটা ম্যান্ডেলাকে উৎসর্গ করতে, সেঞ্চুরির পর করলেন সেটাই। সেঞ্চুরির পর আরেকজনকেও স্মরণ করেছেন হোল্ডার—প্রয়াত দাদাকে। আইএএনএস।