অনুরোধে ঢেঁকি গিলেছেন ডি কক
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট স্বাভাবিক রূপ পাচ্ছেই না। পুরো ক্রিকেট বোর্ডেই অদলবদল হয়েছে গত এক বছরে। এর মধ্যেই আবার গণপদত্যাগের ঘটনা ঘটেছে। সিরিজ খেলতে এসে করোনাবিধি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে সফরের মাঝপথে দেশে ফিরেছে ইংল্যান্ড। এর মধ্যেই দেশটির টেস্ট দলের অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে কুইন্টন ডি কককে।
দক্ষিণ আফ্রিকাকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেন ডি কক। তাই তাঁকে অধিনায়ক করায় বিস্মিত হননি কেউ। যদিও দলের মূল ব্যাটসম্যানদের একজন, সেই সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্বও পালন করেন। তাই ডি ককের ঘাড়ে বাড়তি দায়িত্ব দিতে রাজি ছিলেন না ক্রিকেট পরিচালক ও সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। কিন্তু ঠিকই ডি কককে দায়িত্ব দেওয়া হয়েছে। ডি কক নিজেই জানিয়েছেন, আপাতত দায়িত্ব নিতে রাজি হলেও সুযোগ পেলেই হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা করবেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এর প্রস্তুতিতেই আপাতত জৈব নিরাপত্তাবলয়ের মধ্যে রয়েছেন ডি ককরা। সেঞ্চুরিয়নে অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘যখন নির্বাচকেরা কোন পরিস্থিতে আছি সেটা জানালেন, বুঝতে পেরেছি, তাঁরা কেন এ প্রস্তাব নিয়ে এসেছেন। আমি সঙ্গে সঙ্গেই এটা নিতে রাজি হইনি। আমি অবশ্যই ভেবেছি এবং বুঝেছি, এটা আপাতত কিছুদিনের জন্যই। এ মৌসুমের জন্য, দীর্ঘমেয়াদি কিছু নয়। যত দিন না কেউ নিজ থেকে এগিয়ে আসছে, দায়িত্ব নিচ্ছে, তত দিন পর্যন্ত। নির্বাচকেরা দীর্ঘমেয়াদি নেতা খুঁজছেন। আমি সেটা হতে পারব না। এখনই আমার অনেক কাজ, তবে আপাতত এটা করতে পেরে খুশি আমি।’
এ মৌসুমে তিনটি সিরিজে মোট সাত টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।
এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তারা। এর মাঝেই একদিনের ক্রিকেটে আরও ৯ ম্যাচে অধিনায়কত্ব করবেন ডি কক। দলে একসঙ্গে তিনটি দায়িত্ব পালন করতে হবে ডি কককে। দলকে নেতৃত্ব দেবেন, সংক্ষিপ্ত সংস্করণে ইনিংস উদ্বোধন করবেন এবং উইকেটের পেছনেও দাঁড়াবেন।
ডি কক জানালেন, আপাতত এ চাপ নিতে আপত্তি নেই তাঁর, ‘আমিই উইকেটকিপিং করব। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে কিপিং করতাম না। অন্য কাউকে সুযোগ দিতে চেয়েছিলাম। এখন তো টেস্ট দলও দেখব আমি। চেষ্টা করব কিছু দায়িত্ব কমানোর। কিন্তু টেস্টে আমাকেই কিপার থাকতে হবে।’
২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে হবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ।